শ্রীনিবাসন-ঠাকুরে এখন বন্ধুত্ব
শত্রুর শত্রু কী হয়? বন্ধু! অনুরাগ ঠাকুর আর এন শ্রীনিবাসনের ব্যাপারটাই দেখুন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচন নিয়ে এ দুজনের সম্পর্কটা রূপ নিয়েছিল ‘দা-কুমড়ায়’। কিন্তু সুপ্রিম কোর্টের একটা সিদ্ধান্ত বদলে দিয়েছে সব। সংকটের মুহূর্তে একাট্টা হয়েছেন আলোচিত দুই সংগঠক।
সর্বোচ্চ আদালত ২ জানুয়ারি বরখাস্ত করেছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরকে। অপসারিত হয়েছেন বোর্ড সচিব অজয় শিরকেও। এ দুটি সিদ্ধান্তই এসেছে লোধা কমিশনের সুপারিশ মানতে গড়িমসি করায়। সে কমিশনেরই আরেকটি পরামর্শ আতঙ্ক ছড়িয়েছে ভারতের ক্রিকেট সংগঠকদের মধ্যে। কোনো কর্মকর্তা বিসিসিআই কিংবা রাজ্য সংস্থার পদে থাকতে পারবেন সর্বোচ্চ নয় বছর। এ প্রস্তাবে অধিকাংশ রাজ্যের হর্তাকর্তারাই বাতিল হয়ে যাবেন। পরশু তাই ৩০টি রাজ্য সংস্থার কর্মকর্তাকে ডেকেছিলেন শ্রীনিবাসন। উদ্দেশ্য, নিজেদের পরবর্তী করণীয় ঠিক করা!
অনানুষ্ঠানিক এ আলোচনায় যোগ দিয়েছেন ঠাকুর, শিরকে, রাজীব শুক্লারা। শুধু ছয়টি রাজ্যের কর্মকর্তারা যাননি এ ‘মিলনমেলায়’। নাম প্রকাশে অনিচ্ছুক এক অংশগ্রহণকারী জানিয়েছেন, ‘আমরা এসেছিলাম আদালতের রায়ের পরও যে আমরা শক্ত আছি সেটা জানাতে। এ অবস্থা কাটানোর বুদ্ধি-পরামর্শ করতে।’ ১৯ জানুয়ারির মধ্যে বিসিসিআইয়ের জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠন করার কথা। এরপরই কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব এই ২৪ কর্মকর্তার। তবে আরেক অংশগ্রহণকারীর কণ্ঠে হার মেনে নেওয়ার ইঙ্গিত, ‘দেখে মনে হচ্ছিল একে অন্যকে সমবেদনা জানাতে এসেছি। মোটামুটি সবাই স্বীকার করে নিলাম, আমাদের হাতে বিকল্প খুব কম আছে।’ এ মিটিংকে অবশ্য পাত্তা দিচ্ছে না লোধা কমিটি। কমিটির এক গোপন সূত্র জানিয়েছে, ‘এরই মধ্যে ২১টি রাজ্য লোধা প্যানেলের সংস্কারে রাজি হয়েছে। সূত্র: ক্রিকইনফো, ডেকান ক্রনিকলস।