শ্রীনিবাসন 'মুক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্টে গেল পাশার দান। দুদিন আগেও যে শ্রীনিবাসনকে মনে হচ্ছিল ব্যাকফুটে, সেই তিনিই এখন সদর্পে হাঁটবেন ক্রিকেট প্রশাসক হিসেবে। আজ ওয়ার্কিং কমিটির বৈঠকের আগেই সুখবর পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। মুডগাল কমিটির তদন্ত রিপোর্টে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন এন শ্রীনিবাসন!
মুডগাল কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ আইপিএলের দুর্নীতিসংক্রান্ত মোট তিনটি অভিযোগে শ্রীনিবাসনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এগুলো হলো ব্যাটিং, ফিক্সিং ও তদন্তে বাধা দেওয়া। তবে প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনিবাসনসহ অভিযুক্ত চার প্রশাসনিক কর্মকর্তাই একজন ক্রিকেটারের আইপিএলের আচরণবিধি ভঙ্গের বিষয়টি জানতেন। জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা তাঁরা নেননি। সেই ক্রিকেটারের নাম কিংবা কী সেই নিয়মভঙ্গের ঘটনা—কোনোটিই অবশ্য জানা যায়নি।
মুডগাল কমিটির প্রতিবেদনে ম্যাচ গড়াপেটার সঙ্গে নিজের নাম না থাকায় নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বের বাইরে থাকা শ্রীনিবাসন। তবে সবকিছু জেনেও অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় একটা দায় তাঁর কাঁধে বর্তায়। তবে এ নিয়ে শ্রীনিবাসনের ভাবতে বয়েই গেছে! এই প্রতিবেদন বিসিসিআইয়ের সভাপতির পদ ফিরে পাওয়ার সমূহ সম্ভাবনা যে সৃষ্টি করেছে তাঁর সামনে। এএফপি, ক্রিকইনফো।