শ্রীনিবাসনকে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাই সুপার কিংসের মালিকানা অথবা নির্বাচন। আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে যেকোনো একটি বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। যেকোনো একটিকে বেছে নেওয়ার জন্য হাতে সময় কমই আছে শ্রীনির। বিসিসিআইয়ের নির্বাচন আগামী ছয় সপ্তাহের মধ্যে সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৩ সালের আইপিএল ম্যাচ পাতানো মামলার রায় দিতে গিয়ে কাল বিচারপতি টি এস ঠাকুর ও এফ এম আই কলিফুল্লাহর বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। আদালত বিসিসিআইয়ের যে ধারা অনুযায়ী বিসিসিআই কর্তারা আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টের লাভজনক পদে থাকার সুযোগ পেতেন সেই ধারাকে বাতিল করেছেন। এর ফলে এখন থেকে বোর্ড-সংশ্লিষ্ট কেউ আইপিএলের কোনো দলের মালিক হতে পারবেন না।
সুপ্রিম কোর্ট অবশ্য বলেছেন ম্যাচ পাতানো নিয়ে তদন্তে কোনো রকম প্রভাব খাটাননি আদালতের নির্দেশে বিসিসিআইয়ের পদ থেকে সরে দাঁড়ানো শ্রীনিবাসন। তবে শ্রীনির জামাতা গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রা বেটিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এএফপি, ক্রিকইনফো।