শ্রীনির পাশে বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার চোখ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং কমিটির কালকের বৈঠকের দিকে। শ্রীনিবাসন বৈঠকে আসেন কি না, তাঁকে নিয়ে বোর্ডের বাকি সদস্যদের মনোভাব কী, বোর্ডের নির্বাচন পেছায় কি না—এসব প্রশ্নই কদিন ধরে ঘুরছিল ভারতীয় ক্রিকেটাঙ্গনে। শেষ পর্যন্ত শ্রীনি এলেন এবং সদর্পে ক্রিকেট প্রশাসক হিসেবে যাত্রা শুরুর ইঙ্গিত দিলেন। বিসিসিআইয়ের সদস্যরা যে সমর্থন জানিয়েছেন তাঁকে!
আইপিএলে দুর্নীতি নিয়ে শ্রীনির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আগেই, কিন্তু মুডগাল কমিটির রিপোর্টে সরাসরি তাঁকে অভিযুক্ত করা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কালকের সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
এক. আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিসিসিআই। তারা এক বিবৃতিতে বলেছে, ‘সদস্যরা মুডগাল কমিটির সর্বশেষ রিপোর্টটি পড়ে দেখেছে। এতে কোনোভাবেই এন শ্রীনিবাসনের দোষ খুঁজে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং বিসিসিআইকে অস্থিতিশীল করতেই এসব অভিযোগ আনা হয়েছিল।’
দুই. আইপিএলের প্রধান নির্বাহী সুন্দর রমণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যদিও মুডগাল কমিটির অভিযোগ ছিল, রমণ একজন বুকির কথা জানতেন এবং তার সঙ্গে গত আইপিএল মৌসুমে আটবার দেখা করেছেন। তবু বিসিসিআই বলেছে, ‘রমণ মুডগাল কমিটির কাছে তাঁর অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। সদস্যরা সেই ব্যাখ্যা শুনেছেন ও সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টে রমণের পক্ষে বোর্ডের অবশ্যই সমর্থন জানানো উচিত।’
তিন. অভিযুক্ত বাকি দুজন শ্রীনির জামাতা চেন্নাই সুপার কিংসের কর্ণধার গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রার ভাগ্য সুপ্রিম কোর্টেই নির্ধারিত হবে বলে জানিয়েছে বিসিসিআই।
চার. বার্ষিক সাধারণ সভা (এজিএম) পিছিয়ে দেওয়া হয়েছে। সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ১৭ ডিসেম্বর। নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস পর অনুষ্ঠিত হবে নির্ধারিত ওই সভা। ক্রিকইনফো।
রায়ের পরবর্তী শুনানির তারিখ ২৪ নভেম্বর।