শ্রীনির সঙ্গে সাক্ষাৎ, ধোনির মুখে কুলুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেন্নাইয়ে শ্রীনির সঙ্গে দেখা করেছেন ধোনি। ফাইল ছবি
চেন্নাইয়ে শ্রীনির সঙ্গে দেখা করেছেন ধোনি। ফাইল ছবি

নানা ঘটনায় দুজনই সংবাদ শিরোনাম হয়েছেন ঘন ঘন। ফিক্সিং কেলেঙ্কারিতে তাঁদের দল চেন্নাই সুপার কিংস দুবছরের জন্য আইপিএলে নিষিদ্ধ। একজন ছিলেন চেন্নাইয়ের মালিক, আরেকজন অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি-শ্রীনিবাসন দুজনই এখন চেন্নাইয়ের ‘অতীত’ চরিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে স্বার্থের দ্বন্দ্বে এরই মধ্যে চেন্নাইয়ের মালিকানা থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীনি। আইসিসির চেয়ারম্যান এও জানিয়েছেন, ভারতের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর কোনো শেয়ার নেই। চেন্নাইয়ের সঙ্গে রাজস্থানকেও দুবছরের জন্য নিষিদ্ধের পর আইপিএলে নতুন দুটো দল অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বিসিসিআইয়ের। এ ছাড়া নিষিদ্ধ দুটো দলে থাকা ধোনি-রায়নাদের মতো তারকা খেলোয়াড়দের ফেলে দেওয়া হচ্ছে ‘ড্রাফট পদ্ধতি’তে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৯ নভেম্বর বিসিসিআইয়ের সাধারণ সভায়।
গতকাল চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলল ভারতীয় দল। স্বস্তির এক জয়ের পরই আজ ধোনি দেখা করলেন শ্রীনির সঙ্গে। ধোনির কাছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্ন, ‘কী কথা তাহার সঙ্গে’? এমন পরিস্থিতিতে কী নিয়ে আলোচনা ধোনি-শ্রীনির? বিশেষ কোনো বৈঠক, নাকি স্রেফ সৌজন্য সাক্ষাৎ​? কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় অধিনায়ক। তবে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ‘ব্যক্তিগত কাজে’ নাকি দুজন বসেছিলেন। সূত্র: ডিএনএ।