শ্রীরাম কী বলেছিলেন ও'কিফকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীধরন শ্রীরামের সঙ্গে কথা বলেই বদলে গিয়েছিলেন স্টিভ ও’কিফ। ছবি: এএফপি।
শ্রীধরন শ্রীরামের সঙ্গে কথা বলেই বদলে গিয়েছিলেন স্টিভ ও’কিফ। ছবি: এএফপি।

ভারতে হয়তো তিনি ‘ঘরের শত্রু বিভীষণ’। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটে এই মুহূর্তে পূজনীয় শ্রীধরন শ্রীরাম! ভারতের সাবেক ক্রিকেটার শ্রীরামকে উপদেষ্টা বানিয়েই পুনে টেস্টে সফলতা পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীরামই বাতলে দিয়েছিলেন ভারতের মাটিতে স্পিন দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের ঘায়েল করার উপায়! পুনে টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় স্টিভ ও’কিফের সঙ্গে সামান্য আলাপই নাকি বদলে দিয়েছিল টেস্টের গতিপথ।

ও’কিফকে কী বলেছিলেন শ্রীরাম? ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের সঙ্গে এক আলাপচারিতায় ৪১ বছর বয়সী শ্রীরাম জানিয়েছেন, তিনি নাকি ও’কিফকে শুধু জায়গামতো বল ফেলে যেতে বলেছিলেন। টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত খুব সাধারণ মানের বল করছিলেন ও’কিফ। ভারতীয় ব্যাটসম্যানরা দুই অস্ট্রেলীয় স্পিনার ও’কিফ ও নাথান লায়নকে বেশ সহজ-স্বাভাবিকভাবেই খেলছিলেন। যদিও অস্ট্রেলিয়ার ২৬০ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে ছিল ভারতীয় দল। অস্থিরতার মধ্যে ছিলেন ও’কিফ। এমন ঘূর্ণি উইকেটেও আতঙ্ক ছড়ানোর মতো ছিু করতে পারলিছেন না অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার। ভুগছিলেন বেশ স্নায়ুচাপেও।
শ্রীরাম নিজেই বলেছেন, ও’কিফের অস্থিরতা তিনি খেয়াল করেছিলেন। ড্রেসিং রুম থেকে নিচে নেমে এসে প্রথমে বুঝতে পারছিলেন না তাঁর সঙ্গে আদৌ কথা বলবেন কিনা। শেষ পর্যন্ত কথা বললেন। বাকিটা তো ইতিহাসই। শ্রীরামের মতে, ও’কিফ সাধারণত অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে বল করেন, পুনেতেও ঠিক সেভাবেই বল করে যাচ্ছিলেন, ‘সে নিজের স্বস্তির জায়গাতেই আটকে ছিল। সাধারণত অস্ট্রেলিয়ার মাটিতে সে যেভাবে বল করে, যে জায়গায় বল ফেলে, সেখানেই ফেলছিল। আমি তাঁকে বললাম, মাঝখানে বল ফেলতে। ও’কিফ বেশ স্নায়ুর চাপে ভুগছিল। বলেই বসল, তাঁর মনে হচ্ছে সে যদি বল করার সময় আমাকে পাশে পেত!’
শ্রীরাম তাঁকে প্রশ্ন করেন, ‘এই উইকেটে কীভাবে বল করতে হয়, সেটি তুমিই ভেবে বের কর। ও’কিফের উত্তর ছিল, “এখানে একটু বেশি অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে, বল করতে হবে একটু দ্রুততার সঙ্গে।” আমি বললাম, এটাই তুমি প্রয়োগ করে দেখ না, কী হয়!’ মধ্যাহ্ন বিরতির পর ও’কিফ মাঠে গিয়ে কী করলেন, তা তো সবারই জানা! সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।