টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারের পর নতুন চ্যালেঞ্জের মুখে ওয়েস্ট ইন্ডিজ। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে ক্যারিবীয়রা। বছরজুড়ে ব্যর্থতার পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিততে মরিয়া লঙ্কানরাও।
বছরটা ভালো কাটেনি দুই দলের কারও। বিশ্বকাপের পর আর কোনো ওয়ানডে সিরিজ না খেলা ওয়েস্ট ইন্ডিজের বছরটা কেটেছে দুঃস্বপ্নের মতো। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে ৪-১ ব্যবধানে হারের পর বিশ্বকাপে হারতে হয়েছিল আয়ারল্যান্ডের কাছেও। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে নেমে যাওয়ায় ফসকে গেছে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ। বিশ্বকাপ শেষে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার অবসরের পর শ্রীলঙ্কার তরুণ ব্যাটসম্যানদের জন্যও বড় পরীক্ষা হতে যাচ্ছে সিরিজটি। ওয়েস্ট ইন্ডিজ আবার এক বছর পর দলে ফিরে পেয়েছে তাদের রহস্য-স্পিনার সুনীল নারাইনকে।
টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও বাগড়া দিতে পারে বৃষ্টি। গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে কলম্বোতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বৃষ্টি হতে পারে আজও। তথ্যসূত্র: ক্রিকইনফো।