পাকিস্তানের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। উইকেট আঁকড়ে ধরে পাল্লেকেলে টেস্টকে ধীরে ধীরে পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক। দিন শেষে ৭৭ রানে অপরাজিত ম্যাথুস। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২২৮ রান তুলে লঙ্কানরা এগিয়ে গেছে ২৯১ রানে। হাতে আছে ৫ উইকেট। ইতিহাস বলছে, শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান করে জিততে পারেনি সফরকারী কোনো দল।
২০০৬ সালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৫২ রান করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। এ ম্যাচে জিততে হলে পাকিস্তানকে ভাঙতে হবে ওই রেকর্ড! প্রায় আট বছর পর শ্রীলঙ্কার টেস্ট দলে ঢোকা জিহান মুবারক দিনের খেলা শেষে বললেন তাঁদের লক্ষ্য পাকিস্তানের কাঁধে কমপক্ষে ৩৮০ রানের বোঝা চাপিয়ে দেওয়া, ‘পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিতে আর একটা সেশন ব্যাট করলেই চলবে। তাতে আমাদের লিড ৩৮০ রানের মতো হয়ে যাবে। যদিও ম্যাচের দুই দিন বাকি, তবে এতে আমরা পাকিস্তানের ব্যাটসম্যানদের আক্রমণ করতে পারব।’
প্রত্যাবর্তন টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩৫ রান করেছেন মুবারক। তিনি যখন উইকেটে যান ৮০ রানে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে পাওয়া ৬৩ রানের লিডটা সে সময় বেড়ে হয়েছে মাত্র ১৪৩। ম্যাথুসের সঙ্গে ৮১ রান যোগ করার পরই লেগ স্পিনার ইয়াসির আলীর দ্বিতীয় শিকার হয়েছেন মুবারক। এরপর দিনেশ চান্ডিমালের সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৬৭ রান যোগ করেছেন অধিনায়ক। ম্যাথুস উইকেটে এসেছিলেন শ্রীলঙ্কা ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর।
এর আগে ৯ উইকেটে ২০৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান ২ ওভার টিকে মাত্র ৬ রান যোগ করে। ১১ নম্বর ব্যাটসম্যান ইমরান খানকে বোল্ড করে তৃতীয় উইকেট নিয়েছেন অফ স্পিনার থারিন্ডু কৌশল। এএফপি, ক্রিকইনফো।