এত দ্রুতই ফিরতে পারবেন, এমনটি হয়তো আশা করেননি কুশল পেরেরা। গত ডিসেম্বর থেকে ডোপ পাপের মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে দিন কাটাচ্ছিলেন। ১১ মে আইসিসি ভুল স্বীকার করে তাঁর সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই সপ্তাহ পেরোনোর আগেই আরেকটি সুসংবাদ পেলেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান। ডাক পেয়েছেন চলতি ইংল্যান্ড সফরের শ্রীলঙ্কা দলেই।
ইংল্যান্ড সফরটি শ্রীলঙ্কার জন্য এমনিতেই কঠিন পরীক্ষা। চোটে পড়ে ধাম্মিকা প্রসাদ ছিটকে পড়ায় পরীক্ষাটি আরও কঠিন হয়েছে। প্রসাদের জায়গাতেই ডাকা হয়েছে পেরেরাকে। একজন পেসারের জায়গায় পেরেরাকে ডাকার পেছনে প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার যুক্তি, ‘দলে যথেষ্ট বোলার আছে। কুশলকে দ্রুত দলে যোগ দিতে বলা হয়েছে, কারণ ব্যাটিংয়ে ভালো অবদান রাখতে পারবে সে।’ হেডিংলি টেস্টে ইনিংস ও ৮৮ রানে হারার পর জয়াসুরিয়ার যুক্তি মেনে নিতেই হচ্ছে।
শ্রীলঙ্কার ঠিক উল্টো অবস্থা ইংল্যান্ডের। আগামী শুক্রবারে শুরু দ্বিতীয় টেস্টের আগে ভেন্যুর নামটিও আত্মবিশ্বাসী করে তুলছে ইংল্যান্ডকে। ডারহামে ৫টি টেস্ট খেলে সবগুলোতেই জয়ী স্বাগতিক দল। তবে এ টেস্টে ঘরের ছেলেকে পাচ্ছে না ডারহাম। হেডিংলি টেস্টে হাঁটুতে চোট পাওয়ায় অলরাউন্ডার বেন স্টোকস খেলতে পারছেন না। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ডানহাতি পেসার ক্রিস ওকসকে। তবে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ফর্ম—বোলিং নিয়ে নিরুদ্বিগ্ন রাখছে ইংল্যান্ডকে।
আর ব্যাটিংয়ে ভরসা দিচ্ছেন জনি বেয়ারস্টো। ইংলিশ মিডিয়া তো এরই মধ্যে বেয়ারস্টোর মধ্যে অ্যাডাম গিলক্রিস্টের ছায়া দেখছেন। এখনই এত বড় তুলনাটা হয়তো বাড়াবাড়ি, কিন্তু যে একাগ্রতা নিয়ে খেলছেন বেয়ারস্টো, তাতে তাঁর উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে। ১৪০ রানের দুর্দান্ত ইনিংস এক ইনিংস খেলে হেডিংলিতে ম্যাচসেরা হয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো। তাঁর ব্যাটিংপ্রতিভা নিয়ে সংশয় না থাকলেও গ্লাভস হাতে তাঁকে নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। সেখানে উন্নতি আনতে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের গোলকিপিং কোচদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। ফলও পেয়েছেন হাতেনাতে, হেডিংলিতে ৯টি ক্যাচ নিয়েছেন। অ্যান্ডারসন-ব্রডের সঙ্গে ডারহামেও শ্রীলঙ্কার দুশ্চিন্তার নাম তাই বেয়ারস্টোও। ক্রিকইনফো, এএফপি।