শ্রীলঙ্কা ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন হাতে রেখেই টেস্ট জয়, সিরিজ ৩-০। এমন হাসি কোহলি-ধাওয়ানদেরই মানায় l এএফপি
দুই দিন হাতে রেখেই টেস্ট জয়, সিরিজ ৩-০। এমন হাসি কোহলি-ধাওয়ানদেরই মানায় l এএফপি

রবিচন্দ্রন অশ্বিনের ক্যারম বলটির লাইনই বুঝতে পারেননি লাহিরু কুমারা। বলটি পড়ে ভেঙে দিল তাঁর স্টাম্প। তৃতীয় দিনেই শেষ পাল্লেকেলে টেস্ট।
ইনিংস ও ১৭১ রানে ম্যাচ হেরে শ্রীলঙ্কা ধবলধোলাই। এর আগে এমন অর্জন ভারতের একবারই ছিল। দেশের বাইরে এর আগে একবারই সিরিজে তিনটি টেস্ট জিতেছিল ভারত। ১৯৬৭-৬৮ মৌসুমে নিউজিল্যান্ড থেকে জিতে ফিরেছিল ৩-১ টেস্টে।
এবারের সিরিজ জয়টা প্রতিপক্ষকে একেবারে দুমড়েমুচড়ে দিয়ে, ৩-০ ব্যবধানে। প্রতিটি টেস্ট ভারত জিতেছে বিশাল ব্যবধানে। ৩০৪ রানে প্রথম টেস্ট, দ্বিতীয়টি ইনিংস ও ৫৩ রানে আর কাল ইনিংস ও ১৭১ রানে। অনেকেই হয়তো বলবেন, এই শ্রীলঙ্কাকে এভাবে যেকোনো বড় দলই হারাবে! তবে এটাও সত্য যে ভারত এখন যে কারও জন্যই সমীহ জাগানো এক দল। বিশেষ করে আগের যেকোনো দলের চেয়ে বিরাট কোহলির ভারতের বোলিং লাইনআপকে এগিয়ে রাখতে হবে।
পাল্লেকেলেতে ভারতের বোলাররা সেটি দেখিয়েছেন। বিশেষ করে অফ স্পিনার অশ্বিন ও পেসার মোহাম্মদ শামি। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে দুজনের মিলিত বোলিং বিশ্লেষণই তা বলে দেয়—৪৩.৩-১২-১০০-৭। লাহিরুর উইকেটটিসহ অশ্বিন ৪ উইকেট নিয়েছেন। শামির উইকেট তিনটি। দিনের প্রথম ওভারটি করেছেন কুলদীপ যাদব। এরপর প্রথম ঘণ্টা টানা বল করে গেছেন শামি ও অশ্বিন। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে দিমুথ করুনারত্নেকে ফেরান, বলটি বুঝতেই পারেননি শ্রীলঙ্কার ‘দ্বিতীয় ইনিংস বিশেষজ্ঞ’। আগের ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি ওপেনার।
এদিকে অশ্বিন, অন্য প্রান্ত থেকে শামিও ২২ গজে লঙ্কান ব্যাটসম্যানদের ‘জীবন’ কঠিন করে তুলেছেন। প্রথমে নাইটওয়াচম্যান পুষ্পকুমারাকে ফেরান। এরপর আগের টেস্টের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসকে। এরপরই শুরু সেই অপেক্ষা—৩৯ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা কখন অলআউট হবে। কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন শ্রীলঙ্কার বর্তমান ও সাবেক অধিনায়ক। পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়েন দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস। কুলদীপ অধিনায়ক চান্ডিমালকে আউট করে ভাঙেন এই জুটি। দ্রুতই ফিরে যান সাবেক অধিনায়ক ম্যাথুস।
নিরোশান ডিকভেলা এরপর একটু লড়াই চালিয়ে ভারতের জয়ের অপেক্ষাটাই একটু দীর্ঘায়িত করেছেন। ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেছেন ডিকভেলা, ১৮১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ধবলধোলাই ঠেকানো দূরের কথা, ম্যাচটি চতুর্থ দিনেও নিয়ে যেতে পারেনি শ্রীলঙ্কা। ঘরের মাঠে এর আগে শ্রীলঙ্কা তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছিল একবারই। ২০০৪ সালে সেই হার ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্রিকইনফো।
৩
ইনিংস ব্যবধানে পাল্লেকেলে টেস্টের চেয়ে বড় জয় আর তিনটি আছে ভারতের।
৫
শ্রীলঙ্কার ইতিহাসে ইনিংস ব্যবধানে এটি পঞ্চম বড় হার।
২৬
এই সিরিজে ভারতের স্পিনারদের গড়। শ্রীলঙ্কার স্পিনারদের ৬৭.৩৮