শ্রীলঙ্কা বোর্ডে পরিবর্তন
আবারও পরিবর্তন এল শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি)। এবার দেশটির ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী প্রধান হলেন সাবেক ক্রিকেটার সিদাথ ওয়েটিমুনি। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নাবিন দিসানায়েকে কাল নয় সদস্যের অন্তর্বর্তী কমিটির নাম ঘোষণা করেন। আজ দায়িত্ব নেবে এই নতুন কমিটি। এবারের পরিবর্তনটা অবশ্য বাধ্য হয়েই করতে হয়েছে। কারণ, শ্রীলঙ্কার আইনের বাধ্যবাধকতায় আজ থেকে বিলুপ্ত হবে আগের কমিটি। আইন অনুযায়ী দেশটির সবগুলো ক্রীড়া সংস্থাকেই প্রতিবছর ৩১ মার্চের মধ্যে নির্বাচন করতে হয়। কিন্তু বিশ্বকাপের কারণে এবার সময়মতো নির্বাচন করতে পারেনি এসএলসি।
ওয়েটিমুনির অন্তর্বর্তী কমিটিতে থাকাটা নতুন কিছু নয়। এর আগে বেশ কবার অন্তর্বর্তী কমিটির সদস্য হলেও এবারই প্রথম কমিটির প্রধান হলেন তিনি। ওয়েটিমুনিদের দায়িত্ব হবে নতুন নির্বাচনের আগ পর্যন্ত এসএলসির কার্যক্রম চালিয়ে যাওয়া। ক্রিকইনফো।