শ্রীলঙ্কাও হাঁটল পাকিস্তানের পথে

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পিচ নিয়ে রিপোর্ট করতে আপত্তি জানাতে পারেন বিশেষজ্ঞরা। গতকাল মাইকেল হোল্ডিং বলেছিলেন, ব্যাটিং উইকেট; পেসারদের তেমন কিছু নেই। আজ নাসের হুসেইন বলেছিল, ঘাস আছে তবু বল ভালোই ব্যাটে আসবে। দুই পিচ রিপোর্টকেই বুড়ো আঙুল দেখিয়েছে উপমহাদেশের দুই দেশ।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তার চেয়ে ৩১ রান বেশি করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক করুনারত্নের পরিশ্রমী এক ইনিংসে টেনেটুনে ১৩৬ রান তুলতেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। সে লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড।
নাসের হুসেইন অবশ্য আপত্তি তুলতে পারেন। বল ব্যাটে আসবে বলেছেন, সেটা তো ঠিকই হয়েছে। বল ব্যাটে এসে যে ফিল্ডারের হাতে চলে যাবে না, এমন দিব্যি তো তিনি দেননি! আর সবুজ উইকেট দেখে দুই অধিনায়ক যে ফিল্ডিং বেছে নিতে চেয়েছিলেন, সেটির সপক্ষেও তো কিছু একটা করে দেখানো দরকার ছিল!
সবুজাভ উইকেট, সে সঙ্গে মেঘলা আকাশ। নিউজিল্যান্ডের পেসারদের জন্য এর চেয়ে ভালো কিছুর দরকার ছিল না। দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয় ওপেনার লাহিরু থিরিমান্নেকে। ওয়ান ডাউনে কুশল পেরেরা এসে শুরুটা করেছিলেন দারুণ। ওপেনার দিমুথ করুনারত্নের সঙ্গে ভালোই শুরু করেছিলেন। ৪৭ বলে ৪২ রানের জুটি গড়েছিলেন দুজন। নবম ওভারে পর পর দুই বলে শ্রীলঙ্কাকে আবার ব্যাক ফুটে পাঠিয়ে দিয়েছেন হেনরি। ২৪ বল খেলে ২৯ রান করে ফিরতে হয় তাঁকে হেনরির বলে। ছক্কা মারতে গিয়ে মিড অফ ও অনের মাঝেই বল নিতে পেরেছেন পেরেরা। পরের বলেই কুশল মেন্ডিস স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।
নিউজিল্যান্ডের পরের সাফল্য পেতে দেরি হয়নি, বল হাতে পেয়েই ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছেন লকি ফার্গুসন। ১৪৭ কিলোমিটার গতির বলটি ভয়ংকরভাবে ভেতরে ঢুকে হতভম্ব করে দিয়েছিল ডি সিলভাকে। ৯ বল খেলেও শূন্য কাটাতে না পেরে গ্র্যান্ডহোমের বলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ফার্গুসনের গতির তোপে একটু পরেই ফিরেছেন জীবন মেন্ডিস।
এরপরই যা একটু প্রাণ পেয়েছে শ্রীলঙ্কার ইনিংস। অধিনায়ক করুণারত্নেকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন থিসারা পেরেরা। স্যান্টনারের বলে পেরেরাও বিদায় নিয়েছেন ২৪তম ওভারে। এর পর আর আটকে রাখা যায়নি নিউজিল্যান্ডকে। উদানা, লাকমাল ও মালিঙ্গারা আউট হওয়ার আগে শুধু অধিনায়ক করুনারত্নের বিশ্বকাপের প্রথম ফিফটি পাওয়া নিশ্চিত করতে পেরেছেন।
ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন করুনারত্নে। ৫২ রানের এক ইনিংসেই তাই রেকর্ড হলো। ক্রিকেট বিশ্বকাপে এই প্রথম কোনো অধিনায়ক ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু এ ইনিংস’ করে দেখালেন। এর আগে বিশ্বকাপে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু এ ইনিংস’ দেখেছে ১৯৯৯ সালে। তবে রিডলি জ্যাকবসের ঘাড়ে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব ভার ছিল না সেবার।
১৩৭ রানের লক্ষ্য ছুঁতে একদমই সময় নেয়নি নিউজিল্যান্ড। মাত্র ১৬.১ ওভারেই ম্যাচ শেষ করে দিয়ে এসেছে দলটি। শ্রীলঙ্কান বোলারদের উল্লাসের কোনো সুযোগ দেয়নি নিউজিল্যান্ড। ৫১ বলে ৭৩ রান নিয়ে অপরাজিত ছিলেন মার্টিন গাপটিল, কলিন মানরোর ৫৮ রান এসেছে ৪৭ বলে।