শ্রীলঙ্কাকে এগিয়ে রেখেও আত্মবিশ্বাসী মাশরাফি
শেষের শুরু আজ এবং এই শেষের শুরুর আগ পর্যন্ত গত এক মাসে যা হলো, সেটি আসলে ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।’ টেস্ট সিরিজ ১-১ ড্র। ওয়ানডে সিরিজেও তাই। চলমান লড়াইটা যখন এ রকম সাম্যাবস্থায় থাকে, তখন নতুন লড়াইয়ে ফেবারিট পরিচয় নিয়ে গিয়েও মনের ভেতর জোর পাওয়া যায় না। উল্টো দুই দলের মধ্যে কাগজে-কলমে দুর্বল থাকারাই হয়ে ওঠে বেশি আত্মবিশ্বাসী। যেমন হচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টি-টোয়েন্টির শ্রীলঙ্কা এখন দুর্দান্ত। জানুয়ারি, ফেব্রুয়ারিতে সর্বশেষ দুই সিরিজে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এসেছে তাদের মাটিতে। সেটি মাথায় রেখে মাশরাফি মানছেন, ‘এই দলটা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় গিয়ে জিতে এসেছে। আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টাকেই বড় করে দেখছি। কারণ, সেখানে গিয়ে এশিয়ার কোনো দলের জন্য জিতে আসা খুব কঠিন। তাদের আত্মবিশ্বাস তাই খুব ভালো আছে, বিশেষ করে এই ফরম্যাটে। আমাদের জন্য কাজটা সহজ হবে না, যদি না আমরা সেরাটা খেলতে পারি। আমরা মানসিকভাবে প্রস্তুত হচ্ছি।’
এই প্রস্তুতি নিজেদের সামর্থ্য উজাড় করে দেওয়ার। অধিনায়ক পরে ব্যাখ্যা করেছেন, ‘ফেবারিট যদি কেউ থাকেও, তার মানে এই নয় যে আমরা আমাদের সেরাটা খেললেও জিতব না। এমন কোনো সুযোগ নেই। টেস্ট সিরিজ থেকে যদি দেখেন, ওরা এই দল নিয়ে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। আমরা কিন্তু ১-০-তে পিছিয়ে থেকেও পরের টেস্টে জিতেছি।’
মানসিক প্রস্তুতির একটা বড় অংশ নির্ভার থাকা। এদিক দিয়ে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশেরই এগিয়ে থাকার কথা। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে অন্তত একটি সিরিজ জেতার চাপটা শ্রীলঙ্কার ওপরই থাকবে। মাশরাফি অত দূর না ভেবে এগোতে চান ম্যাচ ধরে, ‘দুই দলই চাইবে সিরিজ তাদের দিকে যাক। প্রথম ম্যাচে আমরা সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। এটি ভিন্ন একটি ফরম্যাট। এই ফরম্যাটে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভালো নয়। তবু আশা করছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে। যে পরিকল্পনাই থাকুক, সেটা বাস্তবায়ন করতে হবে।’
শ্রীলঙ্কার সঙ্গে একটা জায়গায় বড় পার্থক্য বাংলাদেশের। ক্ষণিকের মধ্যে ম্যাচের রং পাল্টে দেওয়ার মতো খেলোয়াড় আছে তাদের, যেটিকে শ্রীলঙ্কার বড় শক্তি মনে করেন মাশরাফি, ‘ওদের কয়েকজন ইমপ্যাক্ট খেলোয়াড় আছে। মালিঙ্গা আছে, কাপুগেদারা আছে, মুনাবীরা এসেছে। ওদের যে কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ এমন খেলোয়াড় নিজের দলেও কয়েকজন দেখেন মাশরাফি। তবে কারও একক নৈপুণ্যের চেয়ে সবার একসঙ্গে খেলাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক, ‘আমাদেরও প্রভাব বিস্তার করার মতো খেলোয়াড় অনেক আছে। সাব্বির রহমান, তামিম ইকবাল, সাকিব তো অবশ্যই। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিক আছে। কয়েকটা ম্যাচে সে একা হাতে জিতিয়েছে। তবে একসঙ্গে হয়ে খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে নুয়ান কুলাসেকারা আর লাসিথ মালিঙ্গাকেই বেশি ভয় বাংলাদেশের। মাশরাফি তো বলেই দিলেন, ‘কুলাসেকারা নির্ভরই করে তার সুইংয়ের ওপর। আর মালিঙ্গার শক্তি ইয়র্কার। দুজন দুই রকমের বোলার। আমাদের ব্যাটসম্যানদের সেভাবেই মানসিক প্রস্তুতি নিতে হবে। ভিন্ন ভিন্ন বোলারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিকল্পনা সাজাতে পারলে ব্যাটসম্যানদের সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’
ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে দুই দলের প্রভাব বিস্তারকারী বোলারদের চেয়েও বড় প্রভাবক হয়ে উঠতে পারে তাই শিশির। মাশরাফি সেটিকে শ্রীলঙ্কার পক্ষে ধরে নিয়ে জানালেন একটা বিশ্বাসের কথা, ‘শিশির না থাকলে সমান সমান লড়াই হবে।’
সিরিজটা শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে এসেছে, তাতে অবশ্য সেটিই হওয়ার কথা টি-টোয়েন্টিতে—কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।