শ্রীলঙ্কাকে চাপে ফেলতেই তামিমের অমন শুরু
>
- ৯.৩ ওভারেই বাংলাদেশ পঞ্চাশ পেরিয়েছে আজ
- ক্যারিয়ারের ২৫তম ফিফটি পেতে ৪৬ বল লেগেছে তামিমের
- পুরো দিনে বাংলাদেশের রান রেট ৪-এর নিচে নামেনি

দিনের দ্বিতীয় ওভারেই ইঙ্গিত দিয়েছিলেন। লাহিরু কুমারার বলে চারের হ্যাটট্রিক করে শ্রীলঙ্কাকে স্বাগত জানিয়েছেন তামিম ইকবাল। এমন আগ্রাসী ক্রিকেট টেস্টে দেখা যায় কালে-ভদ্রে। অতটা আগ্রাসী না হলেও ইতিবাচক খেলা দেখা গেছে পুরো দিনই। তামিম জানাচ্ছেন, দিনটা ভালোভাবে কাটানোর পরিকল্পনাতেই শুরুতে অমন ঝড় তোলা হয়েছিল।
আজ ৪৬ বলে ফিফটি পেয়েছেন তামিম, সেটাও ১৫তম ওভারেই। তবে ছয় চার ও এক ছক্কা মারার কাজটা দশ ওভারের মধ্যেই হয়ে গেছে। ৫৩ বলে ৫২ রান করে তামিম আউট হলেও আক্রমণাত্মক ব্যাটিং করার দায়িত্বটা মুমিনুল বুঝে নিয়েছেন। পুরো দিন দারুণ ব্যাট করে মাত্র ২০৩ বলে ১৭৫ রান করে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার বোলিংকে এলোমেলো করে এভাবে দ্রুত রান তোলাটা তামিম পরিকল্পনা করেই করেছেন, ‘আমার মনে হয়েছিল, যদি ইতিবাচক শুরু করি, তাহলে ওরা চাপে পড়ে যাবে। এটাই হয়েছে। যে প্ল্যানটা আমি করেছি, সেটা কাজে লেগেছে। ওদের মূল বোলারদের আক্রমণ করতে চেয়েছিলাম। সফলভাবেই সেটা করেছি। এর ফলে ওরা এমন পরিস্থিতিতে পড়েছে, ঠিক যেখানে ওদের দেখতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে, একটা পর্যায়ে তারা বুঝতে পারছিল না কোথায় বল করবে। পরিকল্পনা ছিল আক্রমণ করার, সেটায় সফল।’
প্রথম দিনটা অসাধারণ কেটেছে বাংলাদেশের। টানা দুই বলে মুশফিকুর রহিম ও লিটন দাস আউট না হলে পরিপূর্ণ এক দিনই কাটাতে পারত বাংলাদেশ। তামিমের এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে। তবে চার উইকেট হারানোর পরও প্রথম দিনটি তো তামিমদেরই। কালও এমন এক দিন পেতে চান তামিম, ‘প্রথম দিনের প্রত্যাশা পুরোপুরিভাবে পূরণ হতো, যদি আমরা দুই উইকেট না হারাতাম। দুই উইকেট হারানোর পরও এটা আমাদের দিন। কাল আমরা কীভাবে শুরু করি, সেটা গুরুত্বপূর্ণ। ক্রিকেট একটা মজার খেলা। ওদের ভালো বোলার আছে। আমরা যেভাবে করেছি, কালও সেভাবেই শুরু করতে হবে।’