শ্রীলঙ্কাকে টেস্টের ব্যাটিং শেখালেন লাথাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ডাবল সেঞ্চুরির পর লাথাম। ছবি: এএফপি
ডাবল সেঞ্চুরির পর লাথাম। ছবি: এএফপি

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টম লাথামের ডাবল সেঞ্চুরিতে ভীষণ শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এর আগে পাঁচটি টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছে শ্রীলঙ্কা। সেই একমাত্র জয়টি ধরা দিয়েছিল এক যুগ আগে। তিন বছর আগে এই মাঠে সর্বশেষ টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। এবার সেই মাঠে টেস্টের তৃতীয় দিনেই হারের শঙ্কা পেয়ে বসেছে লঙ্কানদের। ২ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিনে ৫৭৮ রানে অলআউট হয়েছে দলটি। ২৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ওপেনার টম লাথাম। টেস্টে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’-এর ইতিহাসে এত রান করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

এই ম্যাচসহ বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার খেলা ছয় টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মার্টিন ক্রো, লু ভিনসেন্ট ও উইলিয়ামসনের পর সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে এই ডাবল তুলে নিলেন লাথাম। কাল ১২১ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। আজ চা বিরতির আগেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন লাথাম। আজ দিনের খেলার চতুর্থ বলেই টেলরকে (৫০) তুলে নেন কুমারা। হেনরি নিকোলসের ফিফটি ও লোয়ার অর্ডারে কলিন ডি গ্র্যান্ডহোমের ৪৯ রানে পাঁচ শ-র বেশি সংগ্রহ পেয়ে যায় নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সর্বশেষ কিউই ব্যাটসম্যান হিসেবে ডাবল তুলে নিয়েছিলেন ভিনসেন্ট। গত ১৩ বছরের মধ্যে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবলের দেখা পেলেন লাথাম। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রস টেলরের ২৯০ রানের ইনিংসের পর টেস্টে নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের এটাই প্রথম ডাবল। এই ম্যাচে লাথামের ব্যাটিং দেখলে মনে হবে কীভাবে ইনিংস বড় করতে হয় লাথাম বুঝি তা লঙ্কানদের শেখাচ্ছেন! প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দলটির তিন ব্যাটসম্যান ফিফটি পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। লাথামের এই ব্যাটিং দেখে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের দীক্ষা নিতে পারে শ্রীলঙ্কা।