শ্রীলঙ্কাকে ভয় কী অস্ট্রেলিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, আর নিউজিল্যান্ডের কাছে শ্বাসরুদ্ধকর হার। এই দুটো ম্যাচই আসলে বিশ্বকাপে পথচলাটা কঠিন করে দিয়েছে অস্ট্রেলিয়ার। কাল সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তাই হয়ে উঠেছে বেশ গুরুত্বপূর্ণ। না, কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে খুব একটা সংশয় নেই, কিন্তু কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারত কিংবা দক্ষিণ আফ্রিকাকে এড়াতে চাইলে গ্রুপের সেরা দুইয়ে থাকতে হবে অস্ট্রেলিয়াকে। আর সেরা দুইয়ে থাকতে হলে এ ম্যাচ জেতা ছাড়া খুব একটা বিকল্প নেই অস্ট্রেলিয়ার।
তবে প্রতিপক্ষকে নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন অ্যারন ফিঞ্চ। এই অস্ট্রেলিয়ান ওপেনার তাঁর ব্যাটিংয়ের মতোই বুক চিতিয়ে বললেন, ‘কার বিপক্ষে খেলতে হবে এটা কোনো ব্যাপার নয়। বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে সেরা দলগুলোকে হারিয়েই হতে হবে।’ তবে গ্রুপে তৃতীয়-চতুর্থ হওয়ার চেয়ে সেরা দুইয়ে থাকলে কাজটা যে একটু সহজ হয়, এটি আবার অস্বীকার করতে পারেন না ফিঞ্চ, ‘কেউই চায় না গ্রুপে তিন বা চার নম্বর হতে। এতে ফাইনালে যাওয়ার পথটা একটু কঠিন হয়ে যায়।’
তবে এসব ভেবে শ্রীলঙ্কা ম্যাচটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে রাজি নন ফিঞ্চ, ‘আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। তাই এসব ব্যাপার নিয়ে আমরা ভীত নই। হারতে আমরা ভয় পাই না। যদি নিজেদের খেলাটা খেলতে পারি, জিতব বলেই আমাদের বিশ্বাস আছে।’ রয়টার্স।