শ্রীলঙ্কাকে শানাকার আশা
ব্যাটিংয়ে ১৯ বলে ৪২, বোলিংয়ে ৪৩ রানে ৫ উইকেট। অভিষেকের চিত্রনাট্য নিজে লিখলেও হয়তো এতটা ভালো কিছু আশা করতে পারতেন না দাসুন শানাকা। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে শানাকার এমন অলরাউন্ড পারফরম্যান্সই ৭৬ রানের সহজ জয় এনে দিয়েছে শ্রীলঙ্কাকে।
তৃতীয় শ্রীলঙ্কান ও সব মিলিয়ে দ্বাদশ বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট পেলেন শানাকা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের মুখে তাই শুধু শানাকা- প্রশস্তি, ‘স্বপ্নের মতো অভিষেক হলো দাসুনের। আমরা সবাই তার জন্য খুশি, আশা করি আগামী কয়েকটি ম্যাচেও সে এভাবে খেলবে।’
ইংল্যান্ড সফরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও অবশেষে জয় তো এল! এতেই খুশি ম্যাথুস, ‘জয়ের ধারায় ফিরতে পেরে ভালো লাগছে।’
তবে পরশুর ম্যাচটিও কঠিন হয়ে উঠতে পারত শ্রীলঙ্কার জন্য। সবুজ উইকেটে মেঘলা কন্ডিশনে ব্যাটিং বেশ কষ্টসাধ্য ছিল। কিন্তু দিনেশ চান্ডিমালের সেঞ্চুরি এবং দুই অভিষিক্ত কুশল মেন্ডিস ও শানাকার অবদানেই শ্রীলঙ্কা পেরোয় ৩০০ রান। এমন প্রতিকূল কন্ডিশনেও এত বড় স্কোর ইংল্যান্ড সিরিজ নিয়েও আত্মবিশ্বাসী করে তুলছে লঙ্কান অধিনায়ককে, ‘ইংল্যান্ডে আমরা ভালো করিনি, টেস্ট সিরিজে হেরেছি। কিন্তু আজ একই ধরনের কন্ডিশনে জিতেছি, ওয়ানডে সিরিজের (ইংল্যান্ডের বিপক্ষে) জন্য অপেক্ষা করছি।’
তবে আগে আয়ারল্যান্ড সফর শেষ করতে হবে শ্রীলঙ্কাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে তারা। এএফপি।