শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে

বিশ্বকাপের আগে এটা তো বিরাট এক চমকই। যে জিম্বাবুয়েকে নিয়ে আশাবাদী হওয়ার মানুষ খুঁজে পাওয়া দায়, সেই জিম্বাবুয়েই কিনা প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে! তাও যে-সেই ব্যবধানে নয়, সাত উইকেটের বড় জয় তুলে নিয়ে তারা জানান দিয়েছে, বিশ্বকাপে নজরটা তাদের দিকেও রাখতে হবে!
জিম্বাবুয়ের জয়ের নায়ক হ্যামিল্টন মাসাকাদজা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সংগৃহীত ২৭৯ রানের স্কোর টপকাতে তাঁর ১১৭ রানের অনবদ্য ইনিংসটিরই যে ভূমিকা সর্বাধিক। মাসাকাদজার পাশাপাশি ব্রেন্ডন টেলরের ৬৩ আর শ্যেন উইলিয়ামসের ৫১ রানে ৭ উইকেটের জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের।
লিংকোনে বিল ওভালে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার লক্ষ্যটা ছিল ব্যাটিং অনুশীলনই। দলীয় ১২ রানে কুমার সাঙ্গাকারাকে হারিয়ে কিছুটা বিপদেই পড়ে যায় তারা। তবে মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের কৃতিত্বে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানাতে সমস্যা হয়নি লঙ্কানদের। দ্বিমুথ করুণারত্নের ব্যাট থেকে আসে ৫৮ রান। জীবন মেন্ডিস খেলেন ৫১ রানের এক কার্যকর ইনিংস। মাহেলা জয়াবর্ধনের ৩০, দিনেশ চান্দিমালের ২৯ রানের পাশাপাশি ইনিংসের শেষের দিকে সচিত্রা সেনানায়েকের দ্রুতগতির ২৫ শ্রীলঙ্কার সংগ্রহকে নিয়ে যায় মোটামুটি বড় সংগ্রহের দিকেই।
জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট নেন শ্যেন উইলিয়ামস। একটি করে সংগ্রহ তিনাশে পানিয়াঙ্গারা, মুপারিওয়া, উতসেয়া ও সুলেমান মায়ারের।
২৮০ রানের লক্ষ্যকে যাঁরা জিম্বাবুয়ের জন্য ‘অনেক বেশি’ মনে করেছিলেন, তাঁদের ধারণাকে মিথ্যে প্রমাণ করে ওই মাসাকাদজার ব্যাটই। তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে দুটি শতরানের জুটিই জিম্বাবুইয়ানদের নিয়ে যায় জয়ের বন্দরে। এই দুই জুটিতেই নায়ক হয়ে ছিলেন মাসাকাদজা। তাঁকে সঙ্গ দেন টেলর ও উইলিয়ামস।
দুঃস্বপ্নের দিনে কুলাসেকেরা, লাকমাল, দিলশানই ছিলেন তিন ‘সফল’ লঙ্কান বোলার। এই তিনজনের সংগ্রহ একটি করে উইকেট।
গত ডিসেম্বরেই বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে নাকাল হওয়া জিম্বাবুয়ের জন্য জীয়নকাঠি হয়েই বোধ হয় এসেছেন ডেভ হোয়াটমোর। নয়তো যে দলটিকে নিয়ে কেউ কথাই বলছিল না, কীভাবে তাদের এই বদলে যাওয়া। বদলে যাওয়াই তো! নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটিতেও যে নিউজিল্যান্ডকে কম ভোগায়নি তারা। ১৫৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের কপাল ভালো যে বৃষ্টির কারণে খেলাটি শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়েছে। সূত্র: এএফপি।