শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের খেলোয়াড়দের ম্যাচ জয়ের আনন্দছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ২৯৬ রান করেও ৫ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। পাল্লেকেলেতে কাল দ্বিতীয় ওয়ানডেতে ৩০০ রান পার করতে পেরেছে তারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে জিম্বাবুয়ে করেছে ৩০২ রান। আগের ম্যাচের চেয়ে মাত্র ৬ রানই বেশি। এবার অবশ্য এই রান পেরিয়ে জয় পায়নি শ্রীলঙ্কা। বিফলে গেছে অধিনায়ক দাসুন শানাকার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকটি। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ম্যাচটি স্বাগতিকেরা হেরেছে ২২ রানে। ৩ ম্যাচের সিরিজে ১–১–এ সমতা আনল সফরকারী জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে দলকে দ্বিতীয় ওয়ানডে জেতাতে অসাধারণ এক ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন
ছবি: এএফপি

দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে দশম ওভারে প্রথম উইকেট হারায়। দলের ৫৯ রানে ফিরে যান কাইতানো। তবে জিম্বাবুয়ে ৩০০ পেরোনো ইনিংস পেয়েছে অধিনায়ক ক্রেগ আরভিন ও সিকান্দার রাজার দুটি অর্ধশতকের সঙ্গে রেগিস চাকাভা ও শন উইলিয়ামসের অর্ধশতকের কাছাকাছি দুটি ইনিংসে ভর করে।

তিন নম্বরে ব্যাট করতে নামা আরভিন ৯৮ বলে করেছেন ৯১ রান। ইনিংসটি তিনি সাজিয়েছেন ১০টি চারে। জিম্বাবুয়ের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেছেন রাজা। ৪৬ বলের ইনিংসটিতে ৪টি চারের পাশাপাশি একটি ছয় মেরেছেন তিনি। এ ছাড়া চাকাভা ৫০ বলে ৫টি চার ও একটি ছয়ে খেলেছেন ৪৭ রানের ইনিংস। উইলিয়ামস ৩টি চারে ৫৬ বলে করেছেন ৪৮ রান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জেফ্রি ভ্যান্ডারসে, রান দিয়েছেন ৫১টি। নুয়ান প্রদীপ ১০ ওভার বোলিং করে ২ উইকেট নিতে দিয়েছেন ৭৪ রান।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম শতক পেলেও দলকে জেতাতে পারেননি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা
ছবি: এএফপি

লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ৬৩ রানে আরও একটি উইকেট পড়ে যাওয়ার পর স্বাগতিকদের ইনিংস পথে রাখেন দাসুন শানাকা ও কামিন্ডু মেন্ডিস। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে তোলেন ১১৮ রান। জুটি ভাঙে ৫৭ রান করে মেন্ডিসের আউটে। এরপরও শ্রীলঙ্কার আশা বেঁচে ছিল অধিনায়ক শানাকার ব্যাটে। কিন্তু ৭টি চার ও ৪টি ছয়ে ৯৪ বলে ১০২ রান করে তিনি আউট হয়ে গেলে আশার বেলুন অনেকটাই চুপসে যায়।

দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা এনেছে জিম্বাবুয়ে
ছবি: এএফপি

শেষ দিকে চামিকা করুনারত্নে ও দুষ্মন্ত চামিরার লড়াই হারের ব্যবধানটাই শুধু কমাতে পারে। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ২৮০ রান। জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন টেন্ডাই চাটারা ও ব্লেসিং মুজারাবানি। শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে জিতেছিল ২০১৭ সালে। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩–২ ব্যবধানে জিতেছিল তারা। তারপর এটাই তাদের প্রথম শ্রীলঙ্কা সফর। এবার কি সেই সফরের পুনরাবৃত্তি করতে পারবে জিম্বাবুয়ে!