শ্রীলঙ্কান স্পিন-নির্ভরতায় উদ্বিগ্ন রানাতুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঙ্কানদের স্পিন-নির্ভরতা ভাবাচ্ছে রানাতুঙ্গাকে। ছবি: ফাইলছবি।
লঙ্কানদের স্পিন-নির্ভরতা ভাবাচ্ছে রানাতুঙ্গাকে। ছবি: ফাইলছবি।

অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে ঐতিহাসিক সিরিজ-হোয়াইটওয়াশ জয়াবর্ধনে-সাঙ্গাকারা পরবর্তী যুগে শ্রীলঙ্কান ক্রিকেটকে এনে দিয়েছে আত্মবিশ্বাস। তবে নিজ দেশের এই সাফল্য পুরোপুরি স্বস্তি দিচ্ছে না সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। লঙ্কানদের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার অতিরিক্ত স্পিন-নির্ভরতা ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে দলের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতে পারে।
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো গতিময় উইকেটে হবে মনে করিয়ে দিয়ে রানাতুঙ্গা প্রয়োজনীয় কর্ম-পরিকল্পনাও বাতলে দিয়েছেন, ‘আমাদের উচিত অলরাউন্ডার ও ফাস্ট বোলার তৈরি করা। কেবল স্পিন দিয়ে ইংলিশ কন্ডিশনে সাফল্য পাওয়া সম্ভব নয়। কেবল স্পিন ২০১৯ বিশ্বকাপে কিছুই করতে পারবে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়টাকে কি তাহলে খুব বড় করে দেখতে চান না রানাতুঙ্গা? রানাতুঙ্গা অবশ্য সেটা বলতে চাননি, ‘আমি দলের এই সাফল্যকে খাটো করে দেখছি না। তবে আমি মনে করি শ্রীলঙ্কার উচিত উপমহাদেশের বাইরে গিয়ে নিজেদের প্রমাণ করা। এই মুহূর্তে স্পিন বোলিংয়ের ওপর আমাদের নির্ভরতা একটু বেশিই।’
গত মে-জুনে ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার পারফরম্যান্স ছিল খুবই বাজে। সেখানে ৯টি ম্যাচের একটিতে জয় পায়নি অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। এই মুহূর্তে লঙ্কান ক্রিকেটে ভালো মানের ফাস্ট বোলারে অভাবটা ভালোভাবেই টের পাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ডের হয়ে ব্যাপারটি নিয়ে কাজ করে যাচ্ছেন সাবেক ফাস্ট বোলার চামিন্ডা ভাস। সূত্র: এশিয়ানএইজ।