শ্রীলঙ্কানদের মনে মুশফিকরাও!
শ্রীলঙ্কানদের জনমানসে বাংলাদেশের ক্রিকেটেরও ভালোই অবস্থান। এদের চোখেও মুশফিকদের ক্রিকেটের ক্রমোন্নতিটা ধরা পড়ছে
পবিত্র কুন্ডু, কলম্বো থেকে
তাজ সমুদ্র হোটেলের লবিতে কাজ করেন ইসুরু। মূলত বিকেলের শিফটে। কখনো কখনো সকালেও। এতে বেশ সুবিধা হয়েছে শ্রীলঙ্কান তরুণের। বাংলাদেশের ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। সেলফি তুলতে পারছেন। ক্রিকেটে বাংলাদেশ তাঁর খুব প্রিয় দল। প্রিয় ক্রিকেটার? মুশফিকুর রহিম!
‘তুমিও ছোটখাটো গড়নের, মুশফিকও তাই, এ কারণেই কি?’ ইসুরুর মুখে মুক্তা-ঝরানো হাসি, ‘কী যে বলেন, মুশফিক ছোটখাটো হতে পারে, কিন্তু অনেক বড় ব্যাটসম্যান। বছর চারেক আগে গল টেস্টে দুর্দান্ত একটা ডাবল সেঞ্চুরি করেছিল, আমি টিভিতে দেখেছি।’
কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা দলের ঠিকানাও তাজ সমুদ্র। ‘অমৃতে অরুচি’ বলে একটা কথা আছে, এটি কারণ হতে পারে। ‘ওরা তো আমাদেরই দল’—থাকতে পারে এমন উপলব্ধিও। বাংলাদেশ দল শ্রীলঙ্কার চেয়েও একটু বেশিই যেন দৃষ্টি কাড়ছে হোটেলে।
সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে বোঝা গেল, শ্রীলঙ্কানরা বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে এখন বেশ খোঁজখবর রাখেন। আগের রাতে বৃষ্টি-বাদলের মধ্যে কাজ শেষ করে যখন বাংলাদেশের সাংবাদিকেরা হোটেলে ফিরবেন, পি সারা ওভালের আশপাশে অটোরিকশার (ওরা বলে টুকটুক) দেখা মিলছিল না। দূর থেকে একটা এগিয়ে আসতেই আমরা দুজন তাতে সওয়ার। ড্রাইভারের নাম সামপাথ কুমারা। বাংলাদেশের ক্রিকেটের মহাভক্ত এই মানুষটির মুখে শুধুই সাকিব আল হাসানের প্রশংসা, ‘আহ্, কী এক অলরাউন্ডার। যেমন বোলিং, তেমন ব্যাটিং। এমনিতেই তো আর সে বিশ্বসেরা অলরাউন্ডার নয়। আমাদের শ্রীলঙ্কায় যদি ওরকম একজন অলরাউন্ডার থাকত।’
তার আগের রাতে সওয়ার হতে হয়েছিল আরেক সামপাথের অটোতে—সামপাথ ডি সিলভা। মধ্যবয়সী এই লোকটিও দেখি বাংলাদেশের ক্রিকেটের অনেক কিছু জানেন, ‘তোমাদের টিমটা দারুণ। গলে ওভাবে হেরে যাওয়ায় খারাপ লেগেছে, তবে বাংলাদেশেরও কিন্তু সুযোগ ছিল।’
এরও আগের দিন আরেক সামপাথ, সামপাথ পেরেরা ক্রিকেট নিয়ে বিশেষজ্ঞ মত দিলেন, ‘আমি তামিম ইকবালের খুব ভক্ত। ওকে একটু ধৈর্যশীল হতে বলো।’ ভারত মহাসাগরবেষ্টিত এই দ্বীপদেশটিতে সামপাথ নামটা খুব প্রচলিত। প্রতি ৩০ জন পুরুষের মধ্যে খুঁজলে মনে হয় একজন করে সামপাথ পাওয়া যাবে।
এই সামপাথ বা ইসুরুদের প্রসঙ্গ টানা আসলে শ্রীলঙ্কার সাধারণ ক্রিকেট-মানসকে বোঝাতে। আর এই জনমানসে বাংলাদেশের ক্রিকেটেরও ভালোই অবস্থান। এদের চোখেও মুশফিকদের ক্রিকেটের ক্রমোন্নতিটা ধরা পড়ছে। গল টেস্টের পঞ্চম দিনের সকালে বাংলাদেশ যখন ৪৫ মিনিটের মধ্যে ৫ উইকেট হারিয়ে হাবুডুবু খাচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেটের থিলাঙ্গা সুমাথিপালা বললেন, ‘এটুকুতেই আপনারা অধৈর্য হবেন না। বাংলাদেশ অনেক উন্নতি করেছে, নিউজিল্যান্ডে ওদের ব্যাটিং দেখে তো আমি বিস্মিত। দেখবেন ওরা ঘুরে দাঁড়াবে।’
গল টেস্টে বাংলাদেশ শেষ পর্যন্ত হারল এবং বাজেভাবে। মাত্রই আগের টেস্টটিতে গল উপহার দিয়েছিল গৌরবময় এক ড্রয়ের স্মৃতি। সেই গলই এবার দিল নিদারুণ পরাজয়ের মর্মজ্বালা। মুশফিকুর রহিমরা এই হারটাকে স্মৃতির এক অন্ধ গলিতে সেঁধিয়ে দিতে চান। কিন্তু চাইলেও কি পারবেন? এই তো পি সারা ওভালে শততম টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে নিজেই গলের প্রসঙ্গ টেনে আনলেন অধিনায়ক। গলে দলকে ডুবিয়েছে একটি সেশন, এমনকি একটি ঘণ্টা মেপে মেপে খেলতে না পারার ব্যর্থতা।
কোচ চন্ডিকা হাথুরুসিংহে গল টেস্ট শুরু হওয়ার আগের দিন জানিয়েছিলেন, অনেক সুযোগ তৈরি করছে তাঁর দল, কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। সুযোগ কাজে লাগানোর জন্য তাঁর ব্যবস্থাপত্র হলো, এখন আর সেশন ধরে নয়, খেলতে হবে ঘণ্টা ধরে। অবশ্য সেটিরও বাস্তবায়ন হলো না গলে। না হলে কি আর ড্রয়ের দিকে যেতে থাকা টেস্ট ম্যাচে হারতে হয় ৪৫ মিনিটে ৫ উইকেট হারিয়ে! যে বলটি ছেড়ে দিলেই ভালো, সেই বলে খেলতে গিয়ে আউট হয়ে আসছেন মূল ব্যাটসম্যানরা। লেগ সাইডে ব্যাট চালিয়ে যেমন উইকেট দিয়ে এলেন সাকিব ও মুশফিক। তবে এই বল খেলার পেছনে মুশফিকের একটা যুক্তি আছে, ‘স্টাম্পের বল খেলাই কঠিন। রান করতে গেলে বাইরের বলই তো আমাদের খেলতে হবে!’
বলা হচ্ছিল, সেশন বা ঘণ্টা মেপে না খেলতে পারার অসামর্থ্যের কথা। পি সারায় শততম টেস্টেও কিন্তু এমন ঘটল কাল দ্বিতীয় দিনে। শ্রীলঙ্কার হাতে শেষ তিনটি উইকেট, অথচ তারা তা নিয়েই যোগ করে ফেলল ১০০ রান। ব্যাটসম্যানদের আক্রমণ করা হলো না, লেগের দিকে করে যাওয়া হলো নেতিবাচক বোলিং। শততম টেস্ট শেষ পর্যন্ত ভালো কোনো স্মৃতি উপহার দিলেই হয়!
কোথায় যেন একটা সমস্যা বাংলাদেশের থেকেই যাচ্ছে। মানসিক সমস্যাই হয়তো। ভালো খেলতে খেলতে জট পাকিয়ে যাচ্ছে চিন্তাটা।
তবে এখানে বাংলাদেশের শ্রীলঙ্কান ভক্তরা যেমন আশায় আছেন, তেমনি নিশ্চিতই আরও বড় আশায় বুক বেঁধে আছেন বাংলাদেশের ক্রিকেট জনতা। একদিন সবকিছু ঠিকঠাক হবে। না হতে হতেই তো একসময় হয়!