শ্রীলঙ্কার এবার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমাদাসা স্টেডিয়াম, বৃষ্টি, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি, রান তাড়া করে শ্রীলঙ্কার জয়। ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার প্রথম দুটি ওয়ানডেতে কত মিল। কিন্তু ম্যাচ দুটোকে কখনোই এক পঙ্ক্তিতে রাখা যাবে না। গত রোববার প্রথম ওয়ানডে যেখানে দেখেছিল স্নায়ুক্ষয়ী প্রতিদ্বন্দ্বিতা, সেখানে কাল দ্বিতীয় ওয়ানডেটা একতরফাই হলো। ৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়, প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজটাও জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
কাল লঙ্কানদের অপ্রাপ্তি একটাই। ১ রানের জন্য সেঞ্চুরি পাননি ওপেনার কুশল পেরেরা। শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৯৯ রানে আউট হলেন কুশল। এই বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান যখন ফিরলেন, জয় থেকে ২৯ রান দূরে শ্রীলঙ্কা। দিনেশ চান্ডিমালকে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন ৮১ রানে অপরাজিত থাকা লাহিরু থিরিমান্নে।
টস জিতে ব্যাট নেওয়া ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২১৪ রানে। তবে বৃষ্টিতে ৩৮ ওভারে নেমে আসা ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ২২৫ রান। প্রথম ম্যাচের মতো তেড়েফুঁড়ে শুরু করে শ্রীলঙ্কা। কুশল ও দিলশান ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলেন উদ্বোধনী জুটিতে। দিলশানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১৫৬ রান যোগ করেন কুশল-থিরিমান্নেরা।
রবি রামপলের শর্ট বলটাকে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে কার্লোস ব্রাফেটের ক্যাচ হয়েছেন কুশল। ব্যাটসম্যানদের ৯৯ রানে আউট করাটাকে অভ্যাসই বানিয়ে ফেলেছেন রামপল। ওয়ানডেতে ৯৯ রানে আউট হওয়া সর্বশেষ ছয় ব্যাটসম্যানের তিনজনই শিকার ক্যারিবীয় পেসারের।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ ৮৩ রান জনসন চার্লসের। আগামী পরশু পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডে। টেন অ্যাকশন, ক্রিকইনফো।