শ্রীলঙ্কার কাছে হারের কারণ তাহলে এই
পি সারা ওভালের ড্রেসিংরুমের সামনে শীতল ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন মোস্তাফিজুর রহমান। নিদাহাস ট্রফির কোনো ম্যাচ এ মাঠে নেই। ঝাঁজাল দুপুরে বাংলাদেশ আজ এখানে এসেছে অনুশীলন সারতে। একটু রসিকতাই করা হলো মোস্তাফিজের সঙ্গে, ‘এখানেই কি সে টেস্টটা খেলেছিলেন?’
সে টেস্ট মানে গত মার্চে বাংলাদেশের শততম টেস্ট। পারলে তেড়ে আসেন, এমন অভিব্যক্তিতে প্রতিবেদকের স্মৃতিশক্তি নিয়েই প্রশ্ন তুললেন মোস্তাফিজ, ‘যে টেস্ট জয়ে আমার গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা খেলেছি কি না, সে প্রশ্ন করেন?’
মোস্তাফিজ বুঝলেন কিনা কে জানে, অলক্ষ্যে তাঁকে আসলে আনন্দদায়ী স্মৃতিটা মনে করিয়ে দেওয়া হলো। মনে করিয়ে দেওয়া হলো, বিদেশের মাটিতেও যে ধারাবাহিক বাংলাদেশ সফল হতে পারে, সেটি গত শ্রীলঙ্কা সফরে করিয়ে দেখিয়েছে। কলম্বোর এ ঐতিহাসিক মাঠেই বাংলাদেশ গড়েছিল ইতিহাস, জিতেছিল নিজেদের শততম টেস্ট, ড্র করে ফিরেছিল সফরের প্রতিটি সিরিজ।

সেসব কেন মোস্তাফিজকে মনে করিয়ে দেওয়া? বাংলাদেশ যে গত কিছুদিনে জিততেই ভুলে গেছে! দেশের মাঠে বাংলাদেশ কেন অমন দুমড়েমুচড়ে ভূপাতিত হলো গত কদিনে অনেক বিশ্লেষণই হয়েছে। তবে কলম্বোয় এসে হারের গুরুত্বপূর্ণ এক কারণ বললেন তামিম ইকবাল—‘প্যানিক’ বা দলের সবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়া। হ্যাঁ, সংবাদমাধ্যমের সামনে আসা তামিম আজ ঘুরেফিরে এ ‘প্যানিকে’র কথাই বললেন।
ম্যাচে কোথাও একটু ছন্দপতন হলে, সেটি বোলিং বা ব্যাটিংয়ে হোক, সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমে ছড়িয়ে পড়েছে ভয়ের ছায়া। সবাই তখন এতটাই ঘাবড়ে গেছে, ঘুরে দাঁড়াবে কী, আরও নিমজ্জিত হয়েছে ব্যর্থতার চোরাবালিতে। সেখান থেকে আর কেউ টেনে তুলতে পারেনি দলকে।
সতীর্থদের প্রতি তাই তামিমের আহ্বান, ‘আমাদের ঘাবড়ে যাওয়া কমাতে হবে। আমরা দ্রুত ঘাবড়ে যাই। প্যানিকটা হয় সবখানেই। সবাই আমরা ঘাবড়ে যাই, কারণ দল খুব ভালো করেছে এর আগে। হঠাৎ একটা সিরিজ মনের মতো হয়নি, সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আপনি যখন খারাপ খেলেন বা ছন্দে থাকেন না, এ সময়ে সবাইকে যতটা সম্ভব কম ঘাবড়াতে হবে। ভালো না করলে অনেক কথা হবে স্বাভাবিক।’
শ্রীলঙ্কা এসেও সেই পুরোনো কথাটা শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে—চন্ডিকা হাথুরুসিংহের চলে যাওয়া। কথাটা শুনতে শুনতে ত্যক্তবিরক্ত তামিম বলছেন, আতঙ্ক ছড়াতে এ বিষয়টিও ভূমিকা রেখেছে, ‘আমাদের কোচ হয়ে তিনি অনেক ভালো করেছেন। কিন্তু এখন তিনি আর আমাদের সঙ্গে নেই। বারবার তাঁর কথাটা বলা মনে হয় না আমাদের জন্য ভালো কিছু হবে। এখানেও প্যানিকটা হয়েছে, অনেকে ভেবেছে, তিনি চলে গেছেন মানে সব শেষ হয়ে গেছে! না, তা তো নয়। তাঁর চলে যাওয়ার পর আবার শুরু করতেও একটু সময় লাগবে। হ্যাঁ, তারা অধীনে অনেক কিছু শিখেছি। আমরা সেখান থেকে হয়তো আরও উন্নতি করব। এখন নতুন যিনি দলের দায়িত্বে আছেন, তাঁকে আমাদের সমর্থন করতে হবে।’

বছরের শুরুতে দেশের মাঠে টানা তিনটি সিরিজ হারলেও বাংলাদেশ দল যে দ্রুত ছন্দে ফিরতে পারে, সেই আশার কথাটাও শোনালেন তামিম, ‘একটা দল হিসেবে আমরা বিশ্বাস করি, গত তিন বছরে আমরা যা করেছি, সেটায় ফিরতে একটা ম্যাচ লাগবে।’ ঝাঁ ঝাঁ রোদ্দুরে অনুশীলন শেষে শরীরটা ঘেমে জবজবে তাসকিন আহমেদের। ‘রোদের তেজ দেখছেন, শরীর-স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন, কলম্বোয় কিন্তু অনেক গরম’—তাসকিনের পরামর্শ।
রোদ তো তেজ দেখাবেই, এবার মাঠেও তাসকিনদের ‘তেজ’ দেখাতে হবে।