শ্রীলঙ্কার কোচ আতাপাত্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাপাত্তু
আতাপাত্তু

অন্তর্বর্তী কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স, খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া, স্থানীয় কাউকে কোচ করার দাবি মিলিয়ে দৌড়ে এগিয়ে ছিলেন তিনিই। অন্তর্বর্তীকালীন কোচ মারভান আতাপাত্তুকেই কাল দুই বছরের জন্য পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। দীর্ঘ ১৫ বছর পর প্রধান কোচ হিসেবে দেশের কাউকে পেল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আতাপাত্তুর আগে শ্রীলঙ্কার সর্বশেষ দেশজ কোচ ছিলেন রয় ডায়াস, ১৯৯৯ সালে।
সাবেক অধিনায়ক আতাপাত্তু ২০১১ সালে প্রথমে হন ব্যাটিং কোচ, ২০১৩ সালে পদোন্নতি পেয়ে গ্রাহাম ফোর্ডের সহকারী। গত এপ্রিলে প্রধান কোচ পল ফারব্রেসের বিদায়ে জুনে পান অন্তর্বর্তী দায়িত্ব। আপৎকালীন কোচ হিসেবে ইংল্যান্ড সফরে টেস্ট-ওয়ানডে দুটিতেই সিরিজ জয়। মাঝে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজটা বাজে গেলেও পাকিস্তানের বিপক্ষে আবার টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই জিতিয়েছেন। এই সাফল্যই কথা বলছিল আতাপাত্তুর হয়ে। যদিও সেই ঘোষণাটা এল অনেক নাটকীয়তার পর।
প্রার্থী ছিলেন আটজন। কোচ নিয়োগ কমিটি যাচাই-বাছাই করতেই কাটিয়ে দিয়েছে দেড় মাস। ক্ষোভে গত পরশু প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া কোচ নিয়োগ কমিটি থেকে সরে দাঁড়ান। অবশেষে গতকাল নিয়োগ দেওয়া হলো আতাপাত্তুকে। পূর্ণকালীন কোচ হিসেবেও আতাপাত্তুর শুরুটা হচ্ছে সেই ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে সাত ওয়ানডের সিরিজ দিয়ে। ক্রিকইনফো।