শ্রীলঙ্কার গরম ভাবাচ্ছে মুশফিককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মাঠেই কাল প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ছবি: এএফপি
এই মাঠেই কাল প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ছবি: এএফপি

শ্রীলঙ্কায় গরমটা এবার যেন একটু বেশিই। ২০১৩ থেকেও বেশি। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ধারণা তেমনই। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের ডাবল সেঞ্চুরির সুখ-স্মৃতি আছে, কিন্তু এবার উইকেটটা তেমন ফ্ল্যাট মনে হলো না তাঁর। তবে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে উইকেটের চেয়েও তাঁকে বেশি করে ভাবাচ্ছে গরম।
সিরিজ শুরুর আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উইকেটের প্রসঙ্গ উঠতেই মুশফিক গরমের কথা নিয়ে আসেন, ‘উইকেটের চেয়েও কঠিন হবে এখানকার গরম। গরমটা অনেক বেশি। আমরা ২০১৩ সালে এখানে এসেছিলাম। এবার গরমটা সেবারের চেয়েও বেশি মনে হচ্ছে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটা অনুশীলন ম্যাচ খেলেছি। তবে গরমটা দুই দলের জন্যই কষ্টকর হবে। আশা করছি সামলে নিতে পারব।’
রঙ্গনা হেরাথের চোখে তাঁর দেখা ‘সেরা’ বাংলাদেশ দল এটিই। বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার সেরা সুযোগ কি তবে এবারই? শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কি নিজেদের ফেবারিট ভাবছে? মুশফিক অবশ্য এসব আলোচনার ধারেকাছেই থাকলেন না। লঙ্কান দলকে নিয়ে তাঁর ভাবনাটা বরং অনেকটাই বাস্তবসম্মত, ‘শ্রীলঙ্কান দলে অনেক পরিবর্তন আছে। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার দলে নেই। হোম কন্ডিশনে কীভাবে ফল বের করতে হয় সেটা তারা জানে। আমাদের মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কা কিন্তু নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০-তে হারিয়েছে। আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে।’
গল টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব থাকছে না মুশফিকের। উইকেটের পেছনে না দাঁড়ানো মানে বড় একটা দায়িত্ব থেকে মুক্তি। অনেকটা নির্ভার হয়েই তিনি অধিনায়কত্বের কাজটা করতে পারবেন। বাংলাদেশ অধিনায়ক কী পুরো ব্যাপারটি এভাবেই দেখছেন? মুশফিক অবশ্য বলছেন, টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত তাঁর মানতেই হচ্ছে, ‘এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। অনেক সময় এ ধরনের সিদ্ধান্ত আপনার জন্য ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আমি জানি না। তবে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বলেই আমাকে ব্যাপারটি মেনে নিতে হচ্ছে। আমি খুশি মনেই দলের জন্য এটা করতে প্রস্তুত। আমি এখন দলের জন্য আরও বেশি ভূমিকা রাখার দিকে মন দেব। আমি আগেও যেমন দলে ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও ঠিক সেইভাবেই রাখব।’