শ্রীলঙ্কার চাকরি ছাড়তেই হচ্ছে হাথুরুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চণ্ডিকা হাথুরুসিংহে।
চণ্ডিকা হাথুরুসিংহে।
>বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হবে। দেশটির সংবাদমাধ্যমকে এমন কথাই বলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষেই নতুন কোচ নিয়োগ দেবে শ্রীলঙ্কা। এমন কথাই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই শ্রীলঙ্কার হেড কোচের অধ্যায় শেষ হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যমকে সিলভা বলেন, ‘আমরা গোটা কোচিং বিভাগ পুনর্গঠন করছি আর তাই সবাইকে পদত্যাগ করতে বলেছি। চলতি মাস শেষেই ৯৯ শতাংশ কোচের (কোচিং স্টাফের) চুক্তির মেয়াদ শেষ হবে। তারা আগ্রহী হলে নতুন করে আবেদন করতে পারেন।’ এরই মধ্যে নতুন কোচও খোঁজা শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

নতুন কোচ নিয়ে সিলভা বলেন, ‘ন্যূনতম ১০জন উঁচুমানের কোচ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে দু-একজন এর আগে শ্রীলঙ্কার কোচ ছিলেন। আমরা তাদের আবেদন করতে বলিনি, শুধু আলাদা করে কথা বলেছি। কারণ তারা আবেদন করলে নামগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আগ্রহ দেখানো কয়েকজন কোচ এখন অন্য দলের দায়িত্ব পালন করছেন। নাম ফাঁস হলে সেটি তাদের ইমেজের জন্য খারাপ হবে। বাংলাদেশ সিরিজ শেষে আমরা নতুন কোচ পেয়ে যাব।’

এদিকে, শ্রীলঙ্কার অন্যান্য কোচিং স্টাফের মেয়াদ শেষ হলেও হেড কোচ হাথুরুসিংহের মেয়াদ আছে আগামী বছরের শেষ পর্যন্ত।

তবে পুরো কোচিং স্টাফের মধ্যে শুধু হাথুরুসিংহের মেয়াদ চলতি মাস শেষে ফুরোচ্ছে না। তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে আগামী বছরের ডিসেম্বরে। সিলভা জানিয়েছেন, হাথুরুসিংহের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবে বোর্ড। আর আলোচনার ফলটা পৌঁছে দেওয়া হবে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর কাছে। শ্রীলঙ্কা বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো পুরো কোচিং স্টাফ বদলানোর নির্দেশ দিয়েছিলেন।

দেশটির সংবাদমাধ্যম ‘ডেইলি নিউজ’-এ প্রকাশিত প্রতিবেদনে হাথুরুসিংহেকে নিয়ে সিলভা বলেছেন, ‘চন্ডিকাও একজন শ্রীলঙ্কান, তাই আমরা তাকে এভাবে ছুড়ে ফেলতে চাই না। বিষয়টি সবচেয়ে ভালোভাবে সমাধান করতে আমরা তার সঙ্গে কথা বলব।’ সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাথুরুসিংহে হেড কোচ পদ ধরে রাখতে না পারলে তাঁকে লঙ্কান ক্রিকেটে অন্য কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।

বাংলাদেশের কোচ হিসেবে বেশ সফল সময়ই পার করছিলেন হাথুরুসিংহে। কিন্তু ২০১৭ সালে আচমকাই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেন এ কোচ। তবে শ্রীলঙ্কার কোচ হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি হাথুরুসিংহে। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই চাপে ছিলেন। এদিকে বাংলাদেশ দলের সম্ভাব্য কোচের তালিকায় উঠে এসেছে হাথুরুসিংহের নামও। হাথুরুসিংহে অবশ্য দুদিন আগে কলম্বোয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি জানেনই না শ্রীলঙ্কায় তাঁর মেয়াদ শেষ হতে যাচ্ছে!