শ্রীলঙ্কার জয়, সিরিজে সমতা

ব্রেন্ডন ম্যাককালামের সেঞ্চুরিটা একেবারে ভেস্তে দিলেন তিলকরত্নে দিলশান। ম্যাককালামের পাল্টা জবাব দিলশানের সেঞ্চুরিই সহজ জয় এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১-এ সমতা নিয়ে এল লঙ্কান বাহিনী।
নিউজিল্যান্ডের ইনিংসে ম্যাককালাম ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৪, রস টেলরের। মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতা ম্যাককালামের অনবদ্য ১১৭ সত্ত্বেও কিউদের বড় সংগ্রহের দিকে হাঁটতে দেয়নি। নিউজিল্যান্ডের অধিনায়কের ইনিংসটি আসে মাত্র ৯৯ বলে। ১২টি চার ও পাঁচটি ছয়ে সাজানো ম্যাককালামের অনন্য ইনিংসটি ছিল অসাধারণ।
মিডল অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও লেট অর্ডারে নাথান ম্যাককালাম, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্টের ছোট ছোট চারটি ইনিংস শেষ অবধি নিউজিল্যান্ডকে নিয়ে যায় প্রায় আড়াই শ রানের দিকে (২৪৮)।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সাচিত্রা সেনানায়েকে ও রঙ্গনা হেরাথ। জীবন মেন্ডিস ও কুলাসেকেরা নিয়েছেন একটি করে উইকেট।
২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিংটা প্রথম থেকেই ইঙ্গিত দিচ্ছিল ইতিবাচক কিছুর। ৬৪ রানের উদ্বোধনী জুটির মাধ্যমে তারা গড়েও নেয় জয়ের ভিত। দিলশান ১২৭ বলে ১৭টি চারে ১১৬ রান করে পথ তৈরি করে দেন দারুণ এক জয়েরই। দিলশানের পাশাপাশি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩৯ নিশ্চিত করে লঙ্কান জয়। মাঝে কুমার সাঙ্গাকারা (৩৮), মাহেলা জয়াবর্ধনে (২৭) ও দ্বিমুথ করুণারত্নে (২১) দিলশানকে নিশ্চিত করেন যোগ্য সঙ্গ।
কিউদের পক্ষে ম্যাট হেনরি ৩৪ রানে ২ উইকেট নেন। এ ছাড়া অ্যাডাম মিলনে ও নাথান ম্যাককালাম একটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়টা প্রলম্বিতই কেবল করতে পেরেছেন। সূত্র: এএফপি।