শ্রীলঙ্কার তিনের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই জুটিই আশা দিয়েছিল শ্রীলঙ্কাকে। ছবি: এএফপি
এই জুটিই আশা দিয়েছিল শ্রীলঙ্কাকে। ছবি: এএফপি

হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে ‘দানে দান তিন দান’ কথাটি বারবার মনে করিয়ে দিল শ্রীলঙ্কার ব্যাটিং। টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যে আজ বারবার তিনের চক্করেই আউট হলেন। তিনবার তিনের চক্করে পড়েই দারুণ এক শুরু ধরে রাখতে পারেনি তাঁরা। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে তাই এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা দিন শেষ করেছে ২৬৪ রান নিয়ে।
সেডন পার্কের পিচ দেখে আত্মা কেঁপে ওঠার কথা ব্যাটসম্যানদের। ঘন সবুজ এক পিচ, মাঠ থেকে পিচকে আলাদা করতে বাড়তি মনোযোগ দিয়ে তাকাতে হচ্ছে। চারজন পেসার নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড দল তাই টস জিতে বোলিং নিতে এক মুহূর্তও ভাবেনি। কিন্তু সবুজ পিচ ধোঁকা দিল সবাইকে। পিচ থেকে বাড়তি কিছুই আদায় করতে পারেনি কিউই বোলাররা। অনায়াসে প্রথম ঘণ্টা পার করে দেন ওপেনাররা। এরপরই প্রথম ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র তিন ওভারের মাঝে ৫ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় সফরকারীরা। নিজের পরপর দুই ওভারে দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন টিম সাউদি।
এরপর ইনিংস মেরামতে নামেন জয়াসুন্দরা ও দিনেশ চান্দিমাল। চান্দিমাল তো খেলেছেন পুরো ওয়ানডে মেজাজে। দুজনে মিলে ৭১ রান যোগ করার পরই আসে দ্বিতীয় ধাক্কা। এবারও সেই তিনের ধাক্কা। তিন ওভারের মধ্যে ফিরে যান জয়াসুন্দরা ও চান্দিমাল। ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে চান্দিমাল মাত্র ৫৬ বলে করেছিলেন ৪৭ রান। কিন্তু ১২১ রানে চান্দিমাল ফিরে গেলে আবারও বিপদে পরে শ্রীলঙ্কা।
এবার এগিয়ে আসেন দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথুস ও মিলিন্দা সিরিবার্দানে। নিউজিল্যান্ডের বোলারদের পাল্টা আক্রমণ করে বেশ দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন দুজন। মাত্র ৬৩ ওভারেই দলের স্কোরকে ২৫০ তে নিয়ে যান এই দুজন। যখনই মনে হচ্ছিল বড় রান গড়ার দিকে যাচ্ছে শ্রীলঙ্কা, তখনই আসে দিনের শেষ ধাক্কা। এইবারের ধাক্কাও স্থায়ী হয়েছে ২.১ ওভার। এই ধাক্কার ফলেই দিনের শেষ তিন ওভারে তিন উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ৪ উইকেটে ২৫৯ থেকে মুহূর্তের মধ্যে ৭ উইকেটে ২৬৪ তে পরিণত হয় শ্রীলঙ্কার স্কোর। এরপরই বৃষ্টি নামায় দিনের খেলার সমাপ্তি ঘটে।
শ্রীলঙ্কার জন্য একটিই সান্ত্বনা, অধিনায়ক এখনো টিকে রয়েছেন। ৬৩ রান নিয়ে অপরাজিত থাকা ম্যাথুসকেই কাল দলের স্কোরকে বড় করার লড়াইটা চালাতে হবে।