শ্রীলঙ্কার দায়িত্ব ছাড়লেন কালপাগে-বিজেতুঙ্গে
বাংলাদেশের চাকরি নিশ্চিত হয়েছে আগেই।তবে নতুন দায়িত্ব নেওয়ার আগে চলতি দায়িত্বটা তো ছাড়তে হবে! সেই আনুষ্ঠানিকতা সারলেন রুয়ান কালপাগে ও পিয়াল বিজেতুঙ্গে। লঙ্কান ক্রিকেট বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশের ভাবী ফিল্ডিং কোচ ও স্পিন কোচ।ক্রিকইনফো অবশ্য জানাচ্ছে, বিজেতুঙ্গেকে রাখার চেষ্টা করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে বাংলাদেশের স্পিন কোচের দায়িত্ব নেওয়া আগেই বিসিবিকে নিশ্চিত করেছেন বিজেতুঙ্গে।
জাতীয় স্পিন কোচ হিসেবে বিজেতুঙ্গের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল এসএলসি। এ জন্যই চেষ্টা সাবেক এই বাঁহাতি স্পিনারকে রেখে দেওয়ার। তবে শ্রীলঙ্কার চেয়ে উল্লেখযোগ্য বেশি পারিশ্রমিক পেয়েই বাংলাদেশে আসছেন বিজেতুঙ্গে। এর আগে ‘এ’ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণের কাজেও দারুণ সন্তুষ্ট ছিল এসএলসি। কিন্তু বেশি পারিশ্রমিক পেয়ে তিনিও চলে এসেছেন বাংলাদেশে।
কালপাগের ব্যাপারটি অবশ্য আলাদা। সহকারী কোচ মারভান আতাপাত্তু ভারপ্রাপ্ত মূল কোচের দায়িত্ব নেওয়ার পর গত দুই সিরিজে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন কালপাগে। তবে তাঁর কাজে ইদানীং খুব একটা সন্তুষ্ট নয় এসএলসি। খানিকটা আঁচ করতে পেরেই চলে আসছেন পুরোনো কর্মক্ষেত্রে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বিসিবির একাডেমির প্রধান কোচ ছিলেন সাবেক এই অলরাউন্ডার। ক্রিকইনফো।