শ্রীলঙ্কার ফিল্ডিংয়ের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল্ডিং ভোগাচ্ছে শ্রীলঙ্কাকে। ছবি: এএফপি
ফিল্ডিং ভোগাচ্ছে শ্রীলঙ্কাকে। ছবি: এএফপি

ফিল্ডিং কোনো দলকে ওঠায়। এই ফিল্ডিংই আবার একটি দলকে ডুবিয়ে দিতে যথেষ্ট। অনেক সময় একটি-দুটি দুর্দান্ত ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ক্রিকেটের আপ্তবাক্যই তো বলে—ক্যাচ মিস তো ম্যাচ মিস।

সর্বশেষ ১১ ম্যাচে কোনো দল যদি ১৩টি হাতে এসে পড়া ক্যাচ ফেলে দেয়, তাহলে সে দলের সর্বনাশ হতে বাধ্য। শ্রীলঙ্কার অবস্থা তেমনই। গতকাল ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ৯০ রানে হেরে টানা ৬টি ওয়ানডে ম্যাচে জয়হীন লঙ্কানরা। দলটির বাজে ফিল্ডিং যে এই অবস্থার মূলে—এ ব্যাপারে সন্দেহ নেই কারওরই। অথচ একটা সময় শুধুমাত্র ফিল্ডিংয়ের কারণে আলাদা করে পরিচিতি ছিল শ্রীলঙ্কা দলের।
শ্রীলঙ্কা তখন ফিল্ডিং দিয়েই নিজেদের অন্য সব দুর্বলতা আড়াল করে ফেলত। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা যখন ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতে নিল, তার অনেক আগে থেকেই তারা বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং-শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। সত্যিকার অর্থেই সে সময় লঙ্কানদের ফিল্ডিংয়ের সঙ্গে কেবল তুলনা চলত অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার ফিল্ডিংয়ের। জয়াসুরিয়া-ধর্মসেনা-গুরুসিনহারা হাফ চান্সকে পরিণতি দিতেন দুর্দান্তভাবেই।
কিন্তু সময় বদলে গেছে, গত বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার ফিল্ডিং-সফলতার গ্রাফটা নামছে নিচের দিকেই। কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনেরা তাও ফিল্ডিংয়ের মান ধরে রেখেছিলেন। গত দুই-এক বছরে পরিস্থিতিটা আরও খারাপ হয়েছে। কলম্বো থেকে প্রকাশিত দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড তো বলেই দিয়েছে, এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বাজে ফিল্ডিং দল শ্রীলঙ্কা।
টুইটারে শ্রীলঙ্কার ফিল্ডিংয়ের দুরবস্থা নিয়ে একটা ছোট্ট পরিসংখ্যান পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে গত ১১টি ম্যাচে শ্রীলঙ্কা ২৩টি ক্যাচের সুযোগ নষ্ট করেছে। এই ২৩টি সুযোগের মধ্যে ১৩টিই রীতিমতো হাতে এসে পড়া, ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘সিটার’। মানে সহজ ক্যাচ। ২টি ছিল হাফ চান্স, যেগুলোকে কাজে লাগালে দল দারুণ উপকৃত হতো। আর ৮টি ক্যাচ কঠিন ছিল, কিন্তু হাতে লাগিয়েও মুঠোবন্দী করতে পারেনি ফিল্ডাররা। নব্বইয়ের দশকের শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা ফিল্ডার হাশান তিলকরত্নে কিংবা রোশান মহানামারা সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারতেন।
শ্রীলঙ্কান কোচ গ্রাহাম ফোর্ড ব্যাপারটিকে সমস্যা হিসেবে দেখছেন। তবে এই সমস্যার সমাধান যে এত সহজে করা সম্ভব নয়, সেটিও বলে দিয়েছেন। তাঁর মতে, শ্রীলঙ্কার গোটা ক্লাব ক্রিকেট কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটেই এখন ভালো ফিল্ডারের সংকট। এই সংকটের একমাত্র সমাধান বয়সভিত্তিক দলগুলোর দিকে মনোযোগ দেওয়া। ফোর্ড নিজেই বলেছেন, বয়সভিত্তিক দল, বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ফিল্ডিং নিয়ে কাজ করার প্রচুর সুযোগ আছে। সর্বোচ্চ পর্যায়ে চলে এলে কোনো ক্রিকেটারকে আর যা-ই শেখানো যাক, ফিল্ডিংটা শেখানো যায় না।
টেস্ট সিরিজে সবচেয়ে বেশি আলোচনায় ছিল শ্রীলঙ্কা দলের ফিল্ডিং। ওয়ানডে সিরিজের আগেও ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গাকে বলতে শোনা গেছে ফিল্ডিং ভালো করতে হবে। কাল ম্যাচ শেষে দিনেশ চান্ডিমালও পরাজয়ের মূল কারণ হিসেবে দুষলেন লঙ্কান ফিল্ডিংকে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে এতটাই ক্ষুব্ধ, ফিল্ডিং কোচকে পারলে তারা শূলে চড়ায়। লেখালেখি হচ্ছে, ফিল্ডিং কোচ নাকি ক্যাচ অনুশীলনের চেয়ে ফুটবল খেলাতে বেশি আগ্রহী।