শ্রীলঙ্কার বিপক্ষেও বড় হার মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যর্থ হয়েই দেশে ফিরছে নারী ক্রিকেট দল। ছবি: এসিসি ফাইল ছবি ।
ব্যর্থ হয়েই দেশে ফিরছে নারী ক্রিকেট দল। ছবি: এসিসি ফাইল ছবি ।

ভারত ও পাকিস্তানের কাছে হেরে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। ম্যাচ দুটিতে ৫৪ ও ৪৪ রানে অলআউট হয়ে বড় লজ্জা পেতে হয়েছে রুমানাদের। শ্রীলঙ্কার বিপক্ষেও আজ বড় ব্যবধানেই হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) মাঠে হেরেছে ৭ উইকেটে।

পুরো প্রতিযোগিতায় ব্যাটিংটা বাজে হয়েছে বাংলাদেশের। দুর্বল থাইল্যান্ডের বিপক্ষেও প্রত্যাশামতো হয়নি দলের ব্যাটিং। আজ শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ফুটে উঠল ব্যাটিং-দুর্বলতা। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারালেও রান ৯৩-এর ওপরে নিতে পারেনি মেয়েরা। ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ধীরে-সুস্থেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা।

বাংলাদেশের পক্ষে সানজিদা ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচের মেজাজ যাকে বলে, সেটি পুরোপুরি অনুপস্থিত ছিল তাঁর ব্যাটিংয়ে। ৩৫ রান করতে তিনি বল খেলেন ৪৯টি। চার মেরেছেন ৩টি। প্রথম ৯.৩ ওভারে ৪৩ রানের ওপেনিং জুটির পর পরের ৫১ বলে রান আসে মাত্র ২৮!

সানজিদার পাশাপাশি শায়লা শারমিন ২৫ আর শামীমা সুলতানা ১৭ রান করলেও তা দলের জন্য যথেষ্ট ছিল না। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ২৪ রানে নেন ২ উইকেট। শ্রীপালি উইরাক্কোদি ১ উইকেট নেন ২৩ রানে।

শ্রীলঙ্কার জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান চামারি আতাপাত্তুর। ৩ চার ও ২ ছয়ে মাত্র ২৫ বলে ৩৯ রান করেন তিনি। এ ছাড়া ইয়াসোদা মেন্ডিস করেন ২৪। বাংলাদেশের রুমানা আহমেদ ৭ রানে ২ উইকেট নিলেও দলের বাকি বোলাররা সমস্যা হয়ে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কান ব্যাটারদের সামনে। সূত্র: এসিসি।