শ্রীলঙ্কার ব্যর্থতার কারণ তাহলে এই!
তিন সংস্করণের ক্রিকেটেই সিরিজ হেরে দেশে ফিরে শ্রীলঙ্কা ক্রিকেট দল যে ফুলেল শুভেচ্ছা পাবে না জানাই ছিল। কিন্তু নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফিরে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল পড়ে গেল আরও বড় ঝঞ্ঝাটে। নিউজিল্যান্ডে অভব্য আচরণের অভিযোগ উঠেছে দলটির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে তাই দেশে ফিরেই বলতে হলো, দোষীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
অভিযোগ কম গুরুতর নয়। ম্যাচের আগের রাতে দল বেঁধে পার্টি, আকণ্ঠ পান—এসব তো আছেই, অভিযোগ আছে দলীয় সংহতি নষ্টেরও। ম্যাথুসের আগেই কাল শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা প্রতিশ্রুতি দিয়েছেন অভিযোগগুলো সত্যি হলে কোনো ছাড় দেওয়া হবে না অভিযুক্তদের। ম্যাচের আগের রাতে ক্রিকেটাররা শেষ রাত পর্যন্ত পার্টি করছেন এমন কিছু ছবিও নাকি হাতে পেয়েছেন ক্রীড়ামন্ত্রী।
দলের মধ্যে যে বিভেদের চোরাস্রোতও বইছে সেটিও পরিষ্কার জয়াসেকেরার কথায়, ‘রীতিমতো ন্যক্কারজনক আচরণ। তারা শুধু রাত তিনটি-চারটি পর্যন্ত পান উৎসবেই মেতে থাকেনি, দলের মধ্যে চাপা ক্ষোভ ছিল, ছিল কোন্দলও। আমার উদ্বেগ, শৃঙ্খলা ভেঙে পড়া নিয়েই। এ রকম হলে দল তো খারাপ করবেই।’
এসব ঘটনার ব্যাখ্যার জন্য বিশেষ সভাও ডেকেছেন জয়াসেকেরা। সেখানে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ম্যানেজার জেরিল ওটার্স ও প্রধান নির্বাচক কপিলা বিজেগুনাবর্ধনেকে ডেকেছেন মন্ত্রী।
কাল শ্রীলঙ্কায় ফিরে অবশ্য ম্যাথুস হেঁটেছেন নিরাপদ পথে, ‘ও রকম কিছু হয়েছে সেটা জিজ্ঞেস করলে আমি হ্যাঁ বা না কিছুই বলতে পারব না। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, দলের কেউ দোষী সাব্যস্ত হলে কোনো ছাড় দেওয়া হবে না।’ এএফপি।