শ্রীলঙ্কার সমর্থকের জন্য অবাক করা কাণ্ড করলেন রোহিত

রোহিত শর্মার ব্যাট চওড়া হলে ইনিংস কত বড় হতে পারে, তিনটি ‘ডাবল সেঞ্চুরি’ই তার প্রমাণ। তবে মাঠের বাইরে সেই একই মানুষটির বুক কতটা চওড়া, সে কথা জানালেন শ্রীলঙ্কান ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক মোহাম্মদ নীলম। প্রিয় দলের খেলা দেখতে তিনি চলে এসেছিলেন ভারতে। দিল্লিতে তৃতীয় টেস্ট চলাকালে শুনলেন বাবার গলায় ধরা পড়েছে ক্যানসার! দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু দেশে ফেরার জন্য নীলমের কাছে পর্যাপ্ত টাকাপয়সা ছিল না। রোহিত এ খবর শোনার পর নীলমকে ডেকে তাঁর হাতে ধরিয়ে দিয়েছেন দেশে ফেরার টিকিট।
শ্রীলঙ্কা দলের সফরের শুরু থেকেই আরও দুই সঙ্গীকে নিয়ে ভারতে চলে এসেছিলেন নীলম। টেস্ট সিরিজের শেষ ম্যাচ চলাকালে তিনি জানতে পারেন, কলম্বোয় তাঁর বাবা অসুস্থ, গলায় বাসা বেঁধেছে ক্যানসারের জীবাণু। দ্রুত দেশে ফিরতে হবে। এদিকে নীলমের দেশে ফেরার নির্ধারিত বিমান টিকিট ছিল ২৬ ডিসেম্বর, অর্থাৎ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর। কিন্তু তার আগে নতুন টিকিট করিয়ে দেশে ফেরার মতো আর্থিক সংগতি তাঁর ছিল না।
নীলমের এ সমস্যা এক কান-দুই কান হয়ে জানতে পারেন ভারতীয় ক্রিকেটের ‘সুপার ফ্যান’ সুধীর গৌতম। তিনি খবরটি পৌঁছে দেন রোহিত শর্মার কানে। ৫ ডিসেম্বর নীলমকে টিম হোটেলে ডেকে তাঁর হাতে তুলে দেন দেশে ফেরার বিমান টিকিট। বাবার অস্ত্রোপচারের জন্য আর্থিক সাহায্য লাগবে কি না, সে ব্যাপারেও জিজ্ঞেস করেন নীলমকে। হতভম্ব নীলম বিনয়ের সঙ্গে তা নাকচ করে দিয়ে দেশে ফেরেন এবং গত শনিবার অস্ত্রোপচারের সময় বাবার পাশে থাকতে পেরেছেন।
ভারতীয় ওপেনারের এই বিশাল হৃদয়ের পরিচয় দেওয়া প্রসঙ্গে দেশটির সংবাদমাধ্যম ‘মিড-ডে’কে নীলম বলেন, ‘রোহিত টিম হোটেলে আমাকে ডেকে হাতে টিকিট (মূল্য প্রায় ২০ হাজার রুপি) তুলে দেন। এখন আমার বাবার শারীরিক অবস্থা বেশ ভালো। তবে অসুস্থতার খবর শুনে অসহায় হয়ে পড়েছিলাম। রোহিত অনেক বড় হৃদয়ের মানুষ, তাৎক্ষণিকভাবে আমার দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করেছেন। সে আসলেই একজন অসাধারণ মানুষ।’
শুধু রোহিত নয়, বিরাট কোহলিও খুদে বার্তায় নীলমের বাবার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তাঁর আর্থিক সাহায্য লাগবে কি না, সে ব্যাপারেও খোঁজ নেন। এ প্রসঙ্গে নীলমের ভাষ্য, ‘বিরাট ভাই খবরটি জানার পর খুদে বার্তায় খোঁজ নিয়েছেন। কোনো সাহায্য লাগবে কি না, তা জানতে চেয়েছেন। আমি তাঁর বৈবাহিক জীবনের শুভকামনা জানিয়েছি। ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’ সূত্র : মিড-ডে, এনডিটিভি।