শ্রীলঙ্কার সামনে উজ্জীবিত সাইফরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ফ্লাডলাইটের আলোয় শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল নিয়ে একটু কি চিন্তা হচ্ছে সাইফদের? খুব বেশি ভাবনা থাকার কথা নয়। সেমিফাইনাল-ফাইনাল দিবারাত্রির জেনেই দেশে তিন দিন ফ্লাডলাইটের নিচে অনুশীলন করে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোতে গত দুই দিনও তারা অনুশীলন করেছে কৃত্রিম আলোয়।
নিবিড় প্রস্তুতি তো আছেই, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে উজ্জীবিত করবে শ্রীলঙ্কার সঙ্গে তাদের মুখোমুখি পরিসংখ্যানও। যুব ওয়ানডেতে ৩৪ বারের দেখায় বাংলাদেশের যুবারা জিতেছেন ২০টি ম্যাচ। গত ফেব্রুয়ারিতে ফতুল্লায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েই তৃতীয় হয় বাংলাদেশ। তারও আগে গত বছর জানুয়ারিতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। সিরিজটা খেলেছেন বর্তমান দলের অধিনায়ক সাইফ হাসানও।
শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ চার যুব ওয়ানডের প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। আজ সাফল্যটা ধরে রাখতে পারলেই যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হবে সাইফদের। সেখানে তাঁদের জন্য অপেক্ষা করছে ভারত।