টেস্ট-শ্রেষ্ঠত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়েই শ্রীলঙ্কা সফর শুরু করা অস্ট্রেলিয়া তিন সপ্তাহ পরই খুইয়ে বসেছে সে শ্রেষ্ঠত্ব। কলম্বো টেস্টেও হেরে গেছে সফরকারীরা। ১৬৩ রানে ম্যাচ জিতে ইতিহাসই গড়ল শ্রীলঙ্কা, এই প্রথম শ্রীলঙ্কার হাতে ধবলধোলাই হলো অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার এমন হারে টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত।
কাল শেষ দিনের খেলার প্রথম সেশন দেখেও কিন্তু বোঝা যায়নি, ইতিহাসে নবমবারের মতো ধবলধোলাইয়ের স্বাদ পেতে হবে অস্ট্রেলিয়াকে। ৩২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের (৬৮) ব্যাটে ড্রয়ের আশাই দেখছিল তারা। কিন্তু মধ্যাহ্নবিরতির পর রঙ্গনা হেরাথের রুদ্ররূপে (৭ উইকেট) মাত্র ৬০ রানেই শেষ ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৬০ রানে থামে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। এশিয়ায় এ নিয়ে টানা ৯ ম্যাচে হারল অস্ট্রেলিয়া।
ম্যাচের শেষে শ্রীলঙ্কার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ, ‘খুব কঠিন এক সিরিজ ছিল এটি, তিন ম্যাচেই ওরা ভালো খেলেছে। হতাশাজনক, কিন্তু শিক্ষণীয়।’ সাঙ্গাকারা-জয়াবর্ধনের অবসরের পর দুঃসময়ের মধ্য দিয়ে যেতে থাকা শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস উচ্ছ্বসিত, ‘কী অসাধারণ মুহূর্ত, গত কয়েকটি মাস অনেক খারাপ কেটেছে। সমর্থনের (দুঃসময়ে) জন্য ধন্যবাদ।’ সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৩৫৫ (চান্ডিমাল ১৩২, ডি সিলভা ১২৯; স্টার্ক ৫/৬৩) ও ৩৪৭/৮ ডি. (সিলভা ১১৫, ডি সিলভা ৬৫*; লায়ন ৪/১২৩)। অস্ট্রেলিয়া: ৩৭৯ (মার্শ ১৩০, স্মিথ ১১৯; হেরাথ ৬/৮১) ও ১৬০ (ওয়ার্নার ৬৮; হেরাথ ৭/৬৪)।
ফল: শ্রীলঙ্কা ১৬৩ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রঙ্গনা হেরাথ।
ম্যান অব দ্য সিরিজ: রঙ্গনা হেরাথ।