শ্রীলঙ্কায় আগে টেস্ট
নিউজিল্যান্ড সফর শেষ হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। এরপর ভারতেও বাংলাদেশ দল খেলে এসেছে একটি টেস্ট। দেশে চলছে চার দিনের ম্যাচের আসর বিসিএল। সব মিলিয়ে ক্রিকেটাররা টানা খেলে যাচ্ছেন দীর্ঘ পরিসরের ক্রিকেট। এই অভ্যাস কাজে লাগাতেই কোচ চন্ডিকা হাথুরুসিংহে চেয়েছিলেন শ্রীলঙ্কায়ও সফর শুরু হোক টেস্ট দিয়ে। শ্রীলঙ্কা ক্রিকেট প্রথমে আপত্তি করলেও অবশেষে পূরণ হচ্ছে হাথুরুসিংহের ইচ্ছে। গলে আগামী ৭ মার্চ টেস্ট দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর।
ভারত সফর শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরেছে ১৪ ফেব্রুয়ারি। মাঝে ১২ দিন বিরতি দিয়ে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে তারা। কিন্তু সফরের দিন দশেক বাকি থাকলেও এখনো ঘোষণা করা হয়নি সূচি। টেস্ট আগে হবে না ওয়ানডে-দেরিটা এই নিয়ে সিদ্ধান্তহীনতার কারণেই। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বিসিবির আগে টেস্ট খেলার প্রস্তাব মেনে নেওয়ায় সে জটিলতা আর নেই। যেকোনো সময়ই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সূচি।
তবে জানা গেছে, ১৫ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কলম্বোয়। ২৫ ও ২৮ মার্চ এবং ১ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি হবে ৪ ও ৬ এপ্রিল। টেস্টের আগে ২ ও ৩ মার্চ মোরাতুয়ায় একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা সফরের জন্য ২০ ফেব্রুয়ারি দল ঘোষণার কথা নির্বাচকদের। ১৫ সদস্যের দলের সঙ্গে ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রাখা হতে পারে আরও দুজনকে। জাতীয় দলের অনুশীলন শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে।