মাহেলা জয়াবর্ধনে বিদায় বলে দিয়েছিলেন গত বছরের আগস্টেই। তবে কুমার সাঙ্গাকারা ছিলেন এই বছরের আগস্টে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজ পর্যন্ত। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজ দিয়েই আসলে শুরু হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটে জয়া-সাঙ্গা-পরবর্তী যুগ। নতুন শুরু তো বলাই যায়।
নতুন শুরু ওয়েস্ট ইন্ডিজের জন্যও। মাত্র ৮ টেস্টের অভিজ্ঞতা নিয়ে গত মাসেই টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন জেসন হোল্ডার। এই সিরিজই টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর প্রথম মিশন। এরই মধ্যে আবার বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সরে দাঁড়িয়েছেন কোচ ফিল সিমন্স। কঠিন পরীক্ষার সামনে দাঁড়ানো ২৩ বছর বয়সী এক অধিনায়ক ও অন্তর্বর্তীকালীন কোচ এলডিন ব্যাপটিস্টের অধীনে তরুণ ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এটা বড় চ্যালেঞ্জও বৈকি!
পরিসংখ্যান হোল্ডারদের পক্ষে নেই। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কার মাটিতেই কোনো টেস্ট জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০১ সালে তিন টেস্টের সিরিজে ব্রায়ান লারা একাই ৬৮৮ রান করার পরেও সিরিজটা ৩-০ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ! এই ওয়েস্ট ইন্ডিজ দলে তো লারার কাছাকাছি থাকার মতো কোনো ব্যাটসম্যানই নেই।
ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোরা টেস্ট খেলেন না স্বেচ্ছায়। শিবনারায়ণ চন্দরপলকে একরকম বিদায়ই দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। এই ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তত ৫০ টেস্ট খেলার অভিজ্ঞতা আছে মাত্র দুজনের—মারলন স্যামুয়েলস আর দিনেশ রামদিন।
নতুন শুরুর বিষয়টা বাদ দিলেও আরও দুটি জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে শ্রীলঙ্কার মিল। ভারতের কাছে সর্বশেষ সিরিজে হারের পর কোচ মারভান আতাপাত্তু পদত্যাগ করায় এই সিরিজটা শ্রীলঙ্কাও খেলবে অন্তর্বর্তীকালীন কোচ জেরোম জয়ারত্নের অধীনে। আর অন্তত ৫০ টেস্ট খেলার অভিজ্ঞতা এই শ্রীলঙ্কা দলেও মাত্র দুজনের। একজন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, অন্যজন রঙ্গনা হেরাথ। দুজনেই হয়ে উঠতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বড় দুশ্চিন্তার কারণ। বিশেষ করে পরের জন।
দুই টেস্ট সিরিজের প্রথমটি আজ যেখানে শুরু হচ্ছে, সেই গলে ১৩ টেস্ট খেলে হেরাথের ৬৮ উইকেট। এই মাঠে তাঁর চেয়ে বেশি উইকেট শুধু মুরালিধরনের (১৫ টেস্টে ১১১)। তবে কিংবদন্তি শ্রীলঙ্কান স্পিনারের বিদায়ের পর যেন এই মাঠের ‘স্বত্ব’ই নিয়ে নিয়েছেন হেরাথ। যার সর্বশেষ প্রমাণ, মাস দুয়েক আগে ভারতের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৪৮ রানে ৭ উইকেট। যে পারফরম্যান্স হারিয়ে দিয়েছিল বিরাট কোহলির দলকে।
স্পিনবান্ধব গলের উইকেটে এই জায়গাটায় হোল্ডারের দল একটু পিছিয়েই থাকবে। সুনীল নারাইন টেস্ট দলে না থাকায় স্পিন আক্রমণের দায়িত্ব পুরোটাই দেবেন্দ্র বিশুর কাঁধে। ২৯ বছর বয়সী লেগ স্পিনারের সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। এএফপি।