শ্রীলঙ্কা-ভূত তাড়াল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হারাতে পারল অস্ট্রেলিয়া!
এর আগে পাঁচবার নিজেদের মাটিতে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেমে সব কটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। ভাগ্যটা অবশেষে কাল বদলাল, অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪১ রানে। অবশ্য প্রথম দুটি টি-টোয়েন্টিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া।
আগের দুটি ম্যাচ যেমন শেষ বলের স্নায়ুক্ষয়ী উত্তেজনায় শেষ হয়েছে, কাল তার ছিটেফোঁটাও থাকল না। অস্ট্রেলিয়ার ১৮৭ রান তাড়া করতে গিয়ে দুই ওভার বাকি থাকতেই ১৪৬ রানে অলআউট শ্রীলঙ্কা।
দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও মাইকেল ক্লিঙ্গার পাহাড়ে চড়িয়েছেন অস্ট্রেলিয়াকে। ফিঞ্চই ‘পিঞ্চ হিটিং’ বেশি করেছেন, ৩২ বলে করেন ৫৩ রান। চার ৫টি, ছক্কা ৩টি। তুলনায় রান বেশি করলেও ক্লিঙ্গার একটু শান্ত ছিলেন, ৪৩ বলে করেছেন ৬২। জবাব দিতে নেমে ওপেনার দিলশান মুনাবীরার ২৫ বলে ৩৭ আর মিলিন্দা সিরিবর্ধনার ২৭ বলে ৩৫ রানের ইনিংস দুটি শ্রীলঙ্কার স্কোরটাকে কেবল দেড় শর কাছাকাছিই নিতে পেরেছে। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার (২৫ রানে ৩ উইকেট) ঘূর্ণি দাঁড়াতেই দেয়নি লঙ্কান মিডল অর্ডারকে। ক্রিকইনফো।