শ্রীশান্তদের 'প্রশ্নবিদ্ধ' মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমাণ হাজির করা যায়নি শ্রীশান্তদের বিরুদ্ধে! ছবি এএফপি
প্রমাণ হাজির করা যায়নি শ্রীশান্তদের বিরুদ্ধে! ছবি এএফপি

কিছু দিন আগেই ‘লোধা কমিশনের’ রায়ে প্রমাণিত হয়েছে আইপিএলের দুর্নীতি। আজীবন নিষিদ্ধ হয়েছেন চেন্নাই সুপারকিংসের অন্যতম উদ্যোক্তা, এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মাইয়াপ্পন। রাজস্থান রয়্যালসের কর্তা রাজ কুন্দ্রাও মাথা পেতে নিয়েছেন একই ধরনের শাস্তি। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য আইপিএল থেকে বহিষ্কারাদেশ পেয়েছে চেন্নাই সুপারকিংস ও রাজস্থান রয়্যালসের মতো প্রভাবশালী দুই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু গতকাল দিল্লির পাতিয়ালা আদালত যে রায় দিয়েছে, তাতে প্রশ্ন উঠেছে, একই অভিযোগের পরিণতি দুটো ভিন্ন জায়গায় ভিন্ন হয় কীভাবে? স্পট ফিক্সিংয়ের অভিযোগে দুই বছর আগে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শান্তাকুমারন শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে ওই আদালত। প্রশ্ন উঠে গেছে, কারা সঠিক? সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত লোধা কমিশন সঠিক, নাকি দিল্লি পুলিশ সঠিক। লোধা কমিশনের হাতে যদি মাইয়াপ্পন কিংবা রাজকুন্দ্রাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে থাকে, তাহলে দুই বছর আগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেও শ্রীশান্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ কেন হাজির করতে পারল না দিল্লি পুলিশ? পুরো বিষয়টিই হাস্যকর ঠেকছে ভারতীয় ক্রিকেট-সংশ্লিষ্টদের কাছে। হাস্যাস্পদ হয়ে পড়ছে দিল্লি পুলিশের কার্যক্রমও।
পাতিয়ালা আদালতই জানিয়েছে শ্রীশান্ত, চান্দিলা ও চাভানকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে দুই বছর আগে গ্রেপ্তার করলেও এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের কোনো শক্ত প্রমাণ হাজির করতে পারেনি দিল্লি পুলিশ। আর প্রমাণ না থাকায় এই তিন ক্রিকেটারকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি না দেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি আদালত।
শ্রীশান্ত অবশ্য আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে খুব দ্রুত ক্রিকেটে ফিরতে চেয়েছেন। কিন্তু শ্রীশান্তের এই ইচ্ছার প্রতিফলন ভারতীয় ক্রিকেট বোর্ড ঘটাবে না সেটা বলে দেওয়াই যায়। কারণ এই রায়ে খুশি নয় ক্রিকেট বোর্ডও। আদালতে দাঁড়িয়ে শ্রীশান্ত যতই ক্রিকেটে ফেরার কথা বলুন, ভারতীয় বোর্ড নাকি তাঁর নিষেধাজ্ঞা তুলবে না বলেই পণ করেছে। বোর্ড জানিয়ে দিয়েছে, বোর্ডের নিষেধাজ্ঞার সঙ্গে ফৌজদারি দণ্ডবিধির কোনোই সম্পর্ক নেই। বোর্ড শ্রীশান্তসহ তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে তাদের নিজস্ব আইন মেনে। এই মুহূর্তে তারা ভাবছে শ্রীশন্তের ক্রিকেটে ফেরা ঠেকাতে উচ্চ আদালতের আশ্রয় নেওয়ার কথাও।
পুরো বিষয়টি নিয়েই বিব্রত ভারতীয় ক্রিকেট মহল। অনেকেরই মনে পড়ছে আজহারউদ্দিন কিংবা হানসি ক্রোনিয়ের কথা। ২০০০ সালের দিকে এই দুই ক্রিকেট তারকার বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছিল এই দিল্লি পুলিশই। আজ থেকে ১৫ বছর আগে দিল্লি পুলিশ যদি এমন রথী-মহারথীদের বিরুদ্ধে প্রমাণ হাজি করতে পারে, তাহলে এই জামানায় এসে তারা শ্রীশান্তদের বিরুদ্ধে ব্যর্থ হল কেন? কেউ কেউ বলছেন, আজহার কিংবা ক্রোনিয়েদের সঙ্গে একটু বেশি বেশিই করা হয়ে গেছে। শ্রীশান্তরা আজহার-ক্রোনিয়েদের চেয়ে অনেক বেশি চালাক আর ধুরন্ধর। ক্রোনিয়েরা চাপের মুখে ভেঙে পড়েছিলেন দেখেই তাদের শাস্তি দেওয়া গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে বেশ ভালোই শিক্ষা নিয়েছেন শ্রীশান্ত-চান্দিলা-চাভানরা। দোষ স্বীকার না করলে স্পট ফিক্সিংয়ের মামলায় কাউকে দোষী সাব্যস্ত করা ভারতীয় দণ্ডবিধিতে এক প্রকার অসম্ভবই। সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।