শ্রী-নির্বাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন শ্রীনিবাসন
এন শ্রীনিবাসন

বছর খানেক আগেও তিনি ছিলেন ক্রিকেট-বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আইসিসির দণ্ডমুণ্ডের কর্তা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান। সেই এন শ্রীনিবাসন এখন সব হারিয়ে শুধুই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান! সেটাও বেশি দিন থাকতে পারেন কি না, সন্দেহ আছে যথেষ্ট।
ভারতীয় ক্রিকেট প্রশাসন থেকে শ্রীনিবাসনকে অপসারণ করা হয়েছিল আগেই। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আইসিসিতে ভারতের প্রতিনিধি হিসেবে শ্রীনিবাসনকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যার অর্থ, শ্রীনিবাসনের আর আইসিসি চেয়ারম্যান থাকা হবে না। এতই কোণঠাসা হয়ে গেছেন শ্রীনি যে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে কাল বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও থাকার অনুমতি দেওয়া হয়নি।
অনেকটা অনুমিত ছিল শ্রীনির এই পতন। কূটচালে মাত করে ক্রিকেট-বিশ্বে ত্রিপক্ষীয় জমিদারি শুরু করেছিলেন। নিজে বসেছিলেন আইসিসির চেয়ারম্যান হয়ে। কিন্তু আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারি, দল কেনায় অনিয়ম, বোর্ডের প্রশাসনিক কাজে স্বেচ্ছাচারিতা তাঁকে সমালোচনার মুখে ফেলে দেয়। মূলত আইপিএল ফিক্সিং এবং সেটিতে তাঁর জামাতা গুরুনাথ মায়াপ্পন জড়িত থাকার বিষয়টি প্রকাশের পর নড়বড়ে হয়ে পড়ে শ্রীনির অবস্থান। আদালতের নির্দেশমতো বিসিসিআইর সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তারপরও তামিলনাড়ুর এই ক্রিকেট প্রশাসক চেয়েছেন আইসিসির চেয়ারম্যান পদ আঁকড়ে কর্তৃত্বটা ধরে রাখতে। কিন্তু শেষ রক্ষা হলো না। গত কিছুদিন চলতে থাকা গুঞ্জন সত্য করে দিয়ে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।
গত বছর জুনে দুই বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন। সেই মেয়াদের বাকিটা এখন পূরণ করবেন শশাঙ্ক মনোহর। মনোহর অনুপস্থিত থাকলে আইসিসি সভায় সেই জায়গা নেবেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শারদ পাওয়ার। খুব শিগগির বিসিসিআই এই পরিবর্তনের জন্য সুপারিশ করবে আইসিসির কাছে।
বিশ্ব ক্রিকেট থেকে শ্রীনির ছায়া মুছে দেওয়ার মতো বড় সিদ্ধান্তটা এসেছে যে সভা থেকে, স্বাভাবিকভাবেই সেটা শেষের পর সংবাদমাধ্যম ঘিরে ধরেছিল শশাঙ্ক মনোহরকে। তবে বিসিসিআই সভাপতি যে ‘কথা নয়, কাজ’ নীতিতে বিশ্বাসী, সেটাই মনে করিয়ে দিলেন আরেকবার। লিখিত বিবৃতির পর শুধু বলেছেন, ‘বৈঠকে সবাই পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার সঙ্গে বোর্ডের কাজ এগিয়ে নেওয়ার পক্ষে সায় দিয়েছেন।’
আর শ্রীনি? এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল সব হারানোর পর তাঁর প্রতিক্রিয়াও। সাবেক বিসিসিআই সভাপতি শুধু বলেছেন, এই অতিরিক্ত সময়টা তিনি সিমেন্ট ব্যবসায় আর গলফ খেলায় কাজে লাগাবেন!
গতকাল বিসিসিআইয়ের সভাতেই সিদ্ধান্ত হয়েছে, ছেলে স্টুয়ার্ট বিনি জাতীয় দলে সুযোগ পাওয়ায় স্বার্থ সংঘাতের কারণে জাতীয় নির্বাচক কমিটি থেকে ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনিকে সরিয়ে দেওয়ার। একই কারণে ভারতীয় ক্রিকেট দলের পরিচালক রবি শাস্ত্রীকে বাদ দেওয়া হয়েছে আইপিএলের গভর্নিং কমিটি থেকে। অনিল কুম্বলের বদলে বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান করা হয়েছে সৌরভ গাঙ্গুলীকে। টাইমস অব ইন্ডিয়া।