শ্রেয়াস আইয়ারকে বিয়ের প্রস্তাব কলকাতার নারী সমর্থকের
ভারতের হয়ে সর্বশেষ তিনটি টি-টোয়েন্টিতেই করেছেন অর্ধশতক। তিন ম্যাচেই ছিলেন অপরাজিত। এর মধ্যে আবার শেষ দুটিতে ভারতকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। মাঠে অসাধারণ এই পারফরম্যান্সের কারণে দিন দিন ভক্তের সংখ্যা বাড়ছে শ্রেয়াস আইয়ারের। ভারতের তরুণ ব্যাটসম্যান যে ভক্ত-সমর্থকদের খুবই প্রিয় হয়ে উঠছেন, এর একটি প্রমাণ পাওয়া গেল কাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে কলকাতার এক ভক্ত বিশাল এক ব্যানার নিয়ে আসেন। সেই ব্যানারের লেখাতেই স্পষ্ট হয়েছে, ভক্তরা আইয়ারকে কতটা ভালোবাসে। কলকাতার ওই নারী ভক্ত আইয়ারকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন। তিনি ব্যানারে লিখে এনেছেন, ‘আমার মা আমাকে বলেছেন, কাউকে পছন্দ করতে। শ্রেয়াস আইয়ার, তুমি কি আমাকে বিয়ে করবে?’
কলকাতার অধিনায়ক এই ব্যানার মাঠে ঢোকার আগে না–ও দেখতে পারেন। কিন্তু কলকাতা ব্যানারটি সবাইকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। মেয়েটি ব্যানারটি ধরে আছেন, এমন একটি ছবি টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স। ছবিটির ক্যাপশন এভাবে লিখেছে তারা, ‘এটা লক্ষ্যভেদের একটা উপায়।’
এমন একটি বিয়ের প্রস্তাব পাওয়ার পর ব্যাট হাতে ভালোই করেছেন আইয়ার। ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৫১ বলে ৭টি চার ও ৪টি ছয়ে ৮৫ রান করেছেন কলকাতার অধিনায়ক। তবে দলকে জেতাতে পারেননি। আগে ব্যাট করতে নেমে জস বাটলারের ৬১ বলে ১০৩ রানের ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান করে রাজস্থান। জবাবে আইয়ারের অসাধারণ ইনিংসের পরও ম্যাচটি ৭ রানে হেরেছে কলকাতা। ১৯.৪ ওভারে তারা অলআউট হয়ে যায় ২১০ রানে।
কে জানে, কলকাতা এভাবে হারার পরও ওই নারী ভক্ত আইয়ারকে বিয়ের প্রস্তাব বহাল রাখবেন কি না!