ষষ্ঠ উইকেটে এ কী তাণ্ডব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনকি-এলিয়ট ষষ্ঠ উইকেটে গড়লেন বিশ্ব রেকর্ড। ছবি: এএফপি
রনকি-এলিয়ট ষষ্ঠ উইকেটে গড়লেন বিশ্ব রেকর্ড। ছবি: এএফপি

ডানেডিনের সবুজ উইকেটে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কান অধিনায়ক লাহিরু থিরিমান্নে। শুরুতে দারুণ সুইংও পেলেন লঙ্কান পেসাররা। শৃঙ্খলিত বোলিংয়ে ২০ ওভারে ৯৩ রান তুলতেই নিউজিল্যান্ডের ৫ উইকেট নেই! তার পর? এর পরের গল্পটা বলতে গেলে নিশ্চিত লঙ্কানদের দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে আসবে বুক চিরে! সেই দীর্ঘশ্বাসের নাম লুক রনকি ও গ্র্যান্ট এলিয়ট। দুই কিউই ব্যাটসম্যানের ষষ্ঠ উইকেট তাণ্ডবে সিরিজের পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কা হারল ১০৮ রানে।
বিস্ময়, কেবলই বিস্ময় উপহার দিলেন রনকি-এলিয়ট। রনকিই এ বিস্ময়ের মূল কারিগর। রনকির জন্ম নিউজিল্যান্ডে। কিন্তু বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও অস্ট্রেলিয়ার হয়ে। ব্র্যাড হাডিনের চোটের কারণে ২০০৮ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক। তবে ঘরোয়া ক্রিকেটে বাজে ফর্মের কারণে অস্ট্রেলিয়া দলে ভবিষ্যত হয়ে পড়ে অনিশ্চিত। পরে চলে আসেন জন্মভূমি নিউজিল্যান্ডে। ২০১৩ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় কিউইদের জার্সিতে। ৩৫ ম্যাচে (এই ওয়ানডে বাদে) ছিল না একটি সেঞ্চুরিও। আজ ব্যাটিংয়ে নামলেন দলের বিপর্যয়ে। এ ভাবনা মাথা থেকে ঝেড়ে আবির্ভূত হলেন খুনে মেজাজে। শ্রীলঙ্কার বোলারদের যেভাবে কচুকাটা করলেন, লঙ্কানদের কাছে তা সত্যি ‘মর্মান্তিক’! রনকি ৩৮ বলে করলেন ফিফটি, ৭৪ বলে এল প্রথম ওয়ানডে সেঞ্চুরি আর ১৫০ রানে পৌঁছাতে লাগল ৯২ বল। শেষমেশ ৯৯ বলে ১৭০ রানে অপরাজিত। ইনিংস সাজিয়েছিলেন ১৪ চার আর নয় ছক্কায়। রনকির তুলনায় কিছুটা ‘শান্ত’ ছিলেন এলিয়ট। এ ডানহাতি অপরাজিত ছিলেন ৯৬ বলে ১০৪ রান করে। 


এলিয়ট-রনকির অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১৮০ বলে এল ২৬৭ রান। ওয়ানডেতে ষষ্ঠ উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। আর নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। আর ৭ রান হলেই ছুঁতে পারত ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মার্শাল-ম্যাককালামের উদ্বোধনী জুটিতে করা কিউইদের সর্বোচ্চ ২৭৪ রানের রেকর্ডটি। এলিয়ট-রনকির বীরত্বে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তুলল ৫ উইকেটে ৩৬০ রান। শেষ ১০ ওভারে এসেছে ১২২ রান। কিউইদের হাতে সবচেয়ে নিগৃহীত হয়েছেন সুরঙ্গা লাকমল। ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান। লাকমলের করা ৪৮তম ওভারে রনকি একাই তুলেছেন ২২ রান! 


৩৬১ রানের বিরাট লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার শুরুটা বেশ ভালোই হয়েছিল। থিরিমান্নে-তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে এল ৯৩ রান। এলিয়টের বলে ৪৫ রানে থিরিমান্নে ফিরলেও দিলশান ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কুমার সাঙ্গাকারা (৯) ও মাহেলা জয়াবর্ধনে (৩০) খানিকটা সঙ্গও দিয়েছিলেন দিলশানকে। তবে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। ওই ‘সামান্য’ সঙ্গ পেয়েই দিলশান তুলে নিলেন ২০তম ওয়ানডে সেঞ্চুরি। মিচেল ম্যাকলেনাহানের বলে ফেরার আগে দিলশানের সংগ্রহ ১১৬ রান। দিলশান ফিরে যাওয়ার পরই ত্বরান্বিত হয় শ্রীলঙ্কার পরাজয়। ৩৬.১ ওভারে ৩ উইকেটে ২১৫ থেকে ৪৩.৪ ওভারে ২৫২ রানে অলআউট। শেষ ৩৭ রানেই ৭ উইকেটের পতন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।
দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচসেরা রনকিকে দেওয়াই যেত। কিন্তু ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে ২ উইকেট নেওয়া এলিয়টকেও ম্যাচসেরার তালিকা থেকে বাদ দেওয়ার উপায় ছিল না। অতঃপর দুজনকেই দেওয়া হলো ম্যাচসেরার পুরস্কার। ষষ্ঠ উইকেটে যে অবিশ্বাস্য দৃশ্যপটের রচনা করলেন, তাতে নিঃসন্দেহে দুজনই ম্যাচের নায়ক! তথ্যসূত্র: ক্রিকইনফো, এএফপি।