বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড—এই চার দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল আগেই। স্বাগতিক বাংলাদেশকে যোগ করে বাকি ছিল ষষ্ঠ দল। বেশ কয়েক দিন ধরে নানা জল্পনা-কল্পনার পর অবশেষে কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানাল, সম্প্রতি বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলে যাওয়া শ্রীলঙ্কাই ষষ্ঠ দল হিসেবে আসছে বঙ্গবন্ধু কাপে।
১৬-২৭ জানুয়ারি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যাচ্ছে। এএফসির বিশেষ কংগ্রেসে যোগ দিতে মেলবোর্ন সফররত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, ৯ জানুয়ারি সবকিছু চূড়ান্ত হবে। তবে গতকাল তিনি টুর্নামেন্ট শুরুর তারিখ নিয়ে কিছু জানাননি। ১২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে সেটি জানানোর কথা বলা হয়েছে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে শোনা যাচ্ছে ২৯ জানুয়ারি শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হতে পারে টুর্নামেন্ট।
ওদিকে লোডভিক ডি ক্রুইফের আসাও মোটামুটি নিশ্চিত বলে জানা গেছে। দু-তিন দিনের মধ্যেই এই ডাচ কোচ এসে বঙ্গবন্ধু কাপে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে পারেন।