ষষ্ঠ দলটির অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারানো ফর্ম ফিরে পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজেই। তামিম ইকবাল ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও। মিরপুরে কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলার পথে বাঁহাতি এই ওপেনারের একটি অফড্রাইভ l প্রথম আলো
হারানো ফর্ম ফিরে পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজেই। তামিম ইকবাল ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও। মিরপুরে কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলার পথে বাঁহাতি এই ওপেনারের একটি অফড্রাইভ l প্রথম আলো

লিগ পর্বের আজ শেষ দিন। অথচ কাল পর্যন্তও নির্দিষ্ট করে বলার উপায় ছিল না সুপার লিগের ছয়টি দলের নাম। সুপার লিগের ষষ্ঠ দল কারা হবে, ঝুলে ছিল সেটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। অন্য দুই ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ২২ রানে হারানো মোহামেডান এবং পারটেক্সকে ৮ উইকেটে হারানো প্রাইম দোলেশ্বরের পয়েন্টও ১৪।

রনি তালুকদার ও শাহাদাত
রনি তালুকদার ও শাহাদাত


মিরপুরে রূপগঞ্জের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি শেখ জামাল। কুয়াশার কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে অধিনায়ক তুষার ইমরানের ফিফটির (৬৪) সৌজন্যে ৮ উইকেটে ১৬৭ করতে পেরেছিল শেখ জামাল। রূপগঞ্জ সে রান টপকে গেছে ৪ উইকেট হারিয়েই। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে ৪৫ রান করা তামিম ইকবাল কালও ছিলেন ধারাবাহিক। ৯০ বলে ১০ বাউন্ডারিতে ৭৩ রানের ইনিংস খেলে জয়ের নেতৃত্ব দিয়েছেন তিনিই। তবে শেষটা করেছেন অলক কাপালি (৩০*) আর অধিনায়ক সাকিব আল হাসান (২৭*) মিলে। পঞ্চম উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৬.২ ওভারেই রূপগঞ্জকে জয় এনে দিয়েছেন তাঁরা।
বিকেএসপিতে ওপেনার আবদুল্লাহ আল মামুনের ৯৩ আর চার নম্বর ব্যাটসম্যান মেহরাব জুনিয়রের ৬০ রানের ইনিংস পারটেক্সের স্কোরবোর্ডে এনে দিয়েছিল ২৩৩ রান। প্রাইম দোলেশ্বরের কাছে সেটা মামুলি হয়ে গেছে ওপেনার রনি তালুকদারের অপরাজিত সেঞ্চুরি (১১২*) এবং অধিনায়ক মুশফিকুর রহিমের ফিফটির (৭০) কাছে। ৫৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে তাঁদের ১৪০ রানের জুটিই জয়ের কাছাকাছি নিয়ে যায় প্রাইম দোলেশ্বরকে।
পেসার শাহাদাত হোসেন ৫ উইকেট নিয়ে মোহামেডানের ইনিংসটা ১৯৪ রানে থামিয়ে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার মানতে হয়েছে কলাবাগান ক্রীড়াচক্রকে। ফতুল্লায় ৪৩ ওভারের ম্যাচে তারা ১৭২ রানে অলআউট হয়ে গেছে ৪ বল বাকি থাকতেই। কলাবাগানের বোলিংয়ের সামনে শুরুতে ভালোই চাপে পড়েছিল মোহামেডান, ২৪ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে তাদের টেনে তুলেছে ছয় নম্বর ব্যাটসম্যান আরিফুল হকের ৮৩ রানের ইনিংস।
আবাহনী ও প্রাইম ব্যাংক সুপার লিগ নিশ্চিত করেছে আগেই। কালকের তিন ম্যাচের পর শেষ ছয় নিশ্চিত হয়ে গেছে মোহামেডান, প্রাইম দোলেশ্বর আর কলাবাগান একাডেমিরও।

সংক্ষিপ্ত স্কোর
সংক্ষিপ্ত স্কোর