ষড়যন্ত্র নয়, আফ্রিদির দাবি এটা সংকীর্ণ মানসিকতা

একটু কিছু হলেই ষড়যন্ত্র খোঁজা। দলের মধ্যে দলাদলি, বিভেদ-বিবাদ। স্বজনপ্রীতি। কারণে-অকারণে বিতর্কে জড়িয়ে পড়া পাকিস্তানের ক্রিকেটের জন্য নতুন কিছু নয়। আরও একবার পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে ‘ষড়যন্ত্র’ শব্দটা উচ্চারিত হলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের এক নম্বর উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে না-খেলানো নিয়ে অনেক কথাই হচ্ছে পাকিস্তানে। তবে সব ধরনের ষড়যন্ত্র-তত্ত্ব উড়িয়ে দিলেন শহীদ আফ্রিদি।
শুধু সেরা উইকেটরক্ষকই নন, দলের সহ অধিনায়ক। ভবিষ্যতের অধিনায়কদের একজন করেই তাঁকে গড়ে তুলতে চায় পাকিস্তান। সেই সরফরাজ ঠিক কোন কারণে দুটো টি-টোয়েন্টিতে জায়গা পেলেন না, তার গ্রহণযোগ্য ব্যাখ্যাও আগে কোচ ও অধিনায়কের কেউ দেননি। পাকিস্তানের প্রধান নির্বাচক ‘সরফরাজ একাদশের বাইরে বসে থাকার মতো খেলোয়াড় নয়’ মন্তব্য করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন। পিসিবি সরফরাজকে অধিনায়ক হিসেবে আফ্রিদির উত্তরসূরি ভাবছে জানিয়ে একাদশ নির্বাচনের দায়টা কোচ ও অধিনায়কের ওপর ঠেলে দেন।
গুঞ্জন রটেছে কোনো কিছু নিয়ে আফ্রিদি ও সরফরাজের বনিবনা হচ্ছে না। আফ্রিদি অবশ্য পাকিস্তানের একটি চ্যানেলে দাবি করেছেন, জাতীয় দলের ভবিষ্যতের কথা ভেবেই তিনি নতুনদের সুযোগ দিতে চেয়েছিলেন। পাল্টা প্রশ্নও ওঠে, সরফরাজ এরই মধ্যে পুরোনো হয়ে গেলেন? সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ দাবি করেন, সরফরাজ থাকলে নেতৃত্ব হুমকিতে পড়ে যাবে বলেই আফ্রিদি নাকি তাঁকে ছেঁটে ফেলতে চান!
শ্রীলঙ্কার মাটিতে ২-০তে সিরিজ জিতিয়েও এত কথা কেন শুনতে হচ্ছে, আফ্রিদি যেন বুঝতে পারছেন না। পাল্টা তোপ দেগে দলের টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘ষড়যন্ত্রের কারণে সরফরাজ দলে জায়গা পায়নি বলে যদি কেউ মন্তব্য করে থাকে, আমি তাহলে আর কী বলতে পারি? শুধু একটা কথাই বলবে, যারা এসব বলছে তাদের ভাবনা সংকীর্ণ।’
আফ্রিদি বলেছেন, ‘সরফরাজ এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা তাই চাচ্ছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুনদের সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে। ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়নি। তা ছাড়া শ্রীলঙ্কায় দীর্ঘ সফরের শেষপ্রান্তে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ও নিজেও স্বস্তি বোধ করছে।’