সংকট কেটেছে ওয়েস্ট ইন্ডিজের!
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সংকট আপাতত কেটেছে বলে মনে হচ্ছে। বিশ্বকাপের দলে যোগ দেওয়ার জন্য ক্রিকেটারদের গত পরশু পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। এর মধ্যে নতুন চুক্তিতে সই না করলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সারির দল পাঠানো হবে বলেও বোর্ড প্রচ্ছন্ন একটা হুমকি দিয়ে রেখেছিল। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১৫ জনের মধ্যে ১২ জনই চুক্তিতে সই করেছেন। তার মানে বিশ্বকাপে প্রায় পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজ দলই দেখা যাবে। ক্রিকইনফো।
বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারদের চাপান-উতোর চলছে অনেক দিন থেকেই। সেটির জের ধরেই স্যামিরা নতুন চুক্তি করতে গড়িমসি করছিলেন। আপাতত চুক্তি সই করলেও অধিনায়ক ড্যারেন স্যামি জানিয়েছেন, বিশ্বকাপের পর চুক্তি নিয়ে নতুন করে ভাববেন তাঁরা। এর মধ্যে আবার ড্যারেন ব্রাভো কাল দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। চুক্তিসংক্রান্ত কারণে নয়, ব্রাভো বলেছেন দীর্ঘ মেয়াদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না।
ব্রাভোর আগে সুনীল নারাইন ও কাইরন পোলার্ডও দল থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। এই দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কার্লোস ব্রাফেট ও অফ স্পিনার অ্যাশলি নার্স। ব্রাভোর বদলি ক্রিকেটারের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।