সংকটকে যেভাবে দেখেন লারা
মাঝপথে ভারত সফর বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। সেটা না হলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এই কঠিন অবস্থানে উদ্বিগ্ন ডব্লুআইসিবি। সমাধান খুঁজছে তারা। দেশের ক্রিকেটের এই পরিস্থিতিতে শঙ্কিত ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও। তবে এই দুঃসময়টাকে ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষা বলেও মনে করেন তিনি। ক্রিকইনফোকে লারা বলেছেন, ‘পারস্পরিক যোগাযোগ এমন একটা ব্যাপার, যেটির ঘাটতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সেই সঙ্গে অবিশ্বাস তো আছেই।’ সিরিজের মাঝপথে খেলতে অস্বীকৃতি জানানোর মতো কঠিন সিদ্ধান্তটা যৌক্তিক মনে করেন না লারা। তবে এর দায়টা কিন্তু ডব্লুআইসিবির ওপরই বেশি চাপিয়েছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের মালিক, ‘খেলোয়াড়েরা কোনো চুক্তি ছাড়াই ভারতের সঙ্গে সিরিজটাতে খেলছিল। আপনার ওপর যদি আমার আস্থা না থাকে তাহলে আমি কীভাবে বিশ্বাস রাখব যে আপনি আমার স্বার্থ দেখবেন!’ ক্রিকইনফো।