সংখ্যাতত্ত্বে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার 'দূরত্ব'

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছে, এটি পুরোনো খবর। র্যাঙ্কিংয়ে ১০৯ ধাপ এগিয়ে থাকা এক দলের কাছে এমন হার অনুমেয়, বাংলাদেশের ফুটবল বোদ্ধারাও স্বীকার করে নিয়েছেন এই সত্যটি। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী খেলায় জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ৮ তারিখের এই খেলায় আরও ভালো ফলাফলের প্রত্যাশায় এখন সবাই। তার আগে গতকালকের খেলা নিয়ে হয়ে যাক সংখ্যাতত্ত্বের খেলা-
০ - খেলার প্রথমার্ধে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম কাহিলের মাঠে কাটানো সময়।
১ - প্রথমার্ধে অস্ট্রেলিয়ান অর্ধে বাংলাদেশের নেওয়া শটের সংখ্যা। খেলার ৩২ মিনিটে তপু ৪০ গজ দূর থেকে শটটি নিয়েছিল।
২ - পুরো খেলায় বাংলাদেশের নেওয়া শটের সংখ্যা।
৪ - প্রথমার্ধে বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার দেওয়া গোলের সংখ্যা।
৭ - খেলার প্রথম গোল পেতে সকারুদের নেওয়া সময়। ম্যাথু লেকি অস্ট্রেলিয়ার হয়ে ৭ মিনিটে প্রথম গোলটি করেন।
৯ - প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণভাগে খেলোয়াড় সংখ্যা।
১১ - খেলার দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণভাগে খেলোয়াড় সংখ্যা!
১৬ - দ্বিতীয়ার্ধে গোলের মুখ খেলতে অস্ট্রেলিয়ার নেওয়া সময়। অ্যারন মুই দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার একমাত্র গোলটি করেন।
৩০- খেলায় বাংলাদেশের গোলমুখে অস্ট্রেলিয়ার নেওয়া শটের সংখ্যা।
৪০ - খেলায় বাংলাদেশের হলুদ কার্ড দেখার আগে পার হওয়া সময়। লেকিকে ফাউল করে তপু হলুদ কার্ড দেখেন ৪০ মিনিটের মাথায়।
৬২ - টিম কাহিলের মাঠে নামার মুহূর্ত। অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বাধিক গোলের মালিককে মাঠে নামার আগেই দল ৪-০ গোলে এগিয়ে ছিল।
৬৩ - অস্ট্রেলিয়ান গোলরক্ষক অ্যাডাম ফেডেরিকের প্রথমবারের মতো বলে হাত লাগানোর মুহূর্ত। ফ্রি-কিক থেকে নেওয়া জামালের শটটি ধরতে ফেডেরিককে অবশ্য জায়গাও পরিবর্তন করতে হয়নি।
৭৩- খেলার ত্রিশ মিনিটের মাথায় বাংলাদেশের সফল পাসের সংখ্যা, অস্ট্রেলিয়ান মিলিগান ও মুই ততক্ষণে নিজেদের মধ্যে ১০০ পাস আদান প্রদান করে ফেলেছেন।
৯০- দ্বিতীয়বারের মতো ফেডেরিক বল ধরার সুযোগ পান খেলার শেষ মুহূর্তে।
৭৮৭ - অস্ট্রেলিয়ার সফল পাসের সংখ্যা , বাংলাদেশের পাসের সংখ্যা ১৯৩।
সংখ্যাতত্ত্বেই বাংলাদেশের অসহায়ত্ব ফুটে উঠছে পরিষ্কারভাবে। জর্ডানের বিপক্ষে পরবর্তী খেলায় বাংলাদেশ এই অবস্থা কাটিয়ে উঠবে, ফুটবল প্রেমীদের প্রত্যাশা এখন এটিই। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।