১২৯
প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড। টেস্টে পরে ব্যাট করে প্রথম ইনিংস শেষে এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ৭৮ রানের লিড পেয়েছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।
৪৬৭
শততম টেস্টে ৪৬৭ রান তুলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ। ১৯১২ সালে নিজেদের শততম টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৮ রান করেছিল অস্ট্রেলিয়া।
৫
টেস্টে পঞ্চম সেঞ্চুরি পেলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ও শ্রীলঙ্কার মাটিতে তাঁর প্রথম সেঞ্চুরি এটি। তিন সংস্করণ মিলিয়েই লঙ্কানদের বিপক্ষে সাকিবের প্রথম সেঞ্চুরি।
১০০০
মোস্তাফিজকে আউট করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০০তম উইকেট পেলেন রঙ্গনা হেরাথ। এক হাজার উইকেট ক্লাবের ২১৪তম সদস্য এই বাঁহাতি স্পিনার, শ্রীলঙ্কানদের মধ্যে দ্বিতীয়। শ্রীলঙ্কার প্রথম মুত্তিয়া মুরালিধরন (১৩৭৪)।

৭৫
মোসাদ্দেক হোসেনের রান। টেস্ট অভিষেকে আটে নেমে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ফিফটি এটি। গত সেপ্টেম্বরে ওয়ানডে অভিষেকে আফগানিস্তানের বিপক্ষে সাতে নেমে ৪৫* করেছিলেন মোসাদ্দেক, রেকর্ড ছিল সেটাও।
১৩১
সাকিব-মোসাদ্দেকের ১৩১ রান টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ও কলম্বোর পি সারা ওভালে যে কোনো দলের পক্ষে সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি। টেস্টে পি সারায় সপ্তম উইকেটে এটাই প্রথম শতরানের জুটি।
৭
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসের পর এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের সাত ব্যাটসম্যান ৩০ রানের বেশি করলেন।
৫০
টেস্টে ৫০তম বারের মতো জুটি বাঁধলেন সাকিব-মুশফিক। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ বার জুটি বেঁধেছেন তামিম ও ইমরুল। রান অবশ্য বেশি করেছেন তামিম-ইমরুলই (২২৭৫), ১০ রান কম নিয়ে দুইয়ে সাকিব-মুশফিক।
৪১
টেস্টে ৪১ বল খেলেও এখনো রানের দেখা পাননি শুভাশিস রায়।