১
টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তিন ইনিংসে ৬০০ ছাড়ানো ইনিংস খেলল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই ও চেন্নাইয়ে ৬৩১ ও ৭৫৯ রানের পর বাংলাদেশের বিপক্ষে ৬৮৭।
৫
এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের পাঁচ বোলার ১০০ রানের বেশি দিয়েছেন। আর একটি ‘সেঞ্চুরি’ হলেই বিশ্ব রেকর্ড ছুঁতো বাংলাদেশ। ২০০৪ সালে বুলাওয়ে টেস্টে শ্রীলঙ্কার একমাত্র ইনিংসে জিম্বাবুয়ের প্রথম ছয় বোলারই ১০০ রানের বেশি দিয়েছিলেন। ইনিংসে পাঁচ বোলারের সেঞ্চুরির উদাহরণ ছয়টি।
৪
টেস্ট ক্যারিয়ারের চারটি ডাবল সেঞ্চুরিই অধিনায়ক হিসেবে করেছেন কোহলি। অধিনায়ক হিসেবে তাঁর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার (৫)।
৬৮৭
টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ ইনিংসটি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৩০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ভারত তাদের টেস্ট-সর্বোচ্চ ইনিংস খেলেছে ঠিক আগের টেস্টেই, চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে (৭৫৯/৭ ডি.)।
৪
প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। এর আগে টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি করেছেন ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়।
৩
ভারতের ছয় ব্যাটসম্যান ৫০ ছাড়ানো ইনিংস খেললেন। বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ছয় ব্যাটসম্যানের ৫০ পেরোনোর তৃতীয় উদাহরণ এটি। টেস্টে ইনিংসে সর্বোচ্চ সাত ব্যাটসম্যানের পঞ্চাশ পেরোনোর ঘটনা তিনটি।